বৃহস্পতিবার যশোর কারাগারে একই মঞ্চে দুই ভাইয়ের ফাঁসি
যশোর জেলা কারাগারে বৃহস্পতিবার মধ্য রাতে একই মঞ্চে তিন খুন মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামী দুই ভাইয়ের ফাঁসি কার্যকর হবে।
ফাঁসির আসামীরা হলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মনোয়ার হোসেন ও তার ভাই ছানোয়ার হোসেন।
১৯৯৩ সালের ১১ নভেম্বর এই দু ভাই ও তাদের সঙ্গীরা ফসল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ইবাদত, আনসার মন্ডল ও গোলাপ খাঁকে হত্যা করে।
বাহাউদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি ওই দিনই মনোয়ার, ছানোয়ার ও আব্দুল আজিজসহ নয়জনকে আসামী করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
চুয়াডাঙ্গার অতিরিক্ত দায়রা জজ মামলার শুনানি শেষে মনোয়ার, ছানোয়ার ও আব্দুল আজিজকে মৃত্যুদণ্ডাদেশ দেন এবং অপর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। মনোয়ার ও ছানোয়ারের পক্ষে লিভ টু আপিল করা হলেও হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
এরপর তারা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করলেও তা প্রত্যাখাত হয়।
২ জুন রাত ১২টা ১ মিনিটে তাদের ফাঁসি কার্যকরের সময় নির্ধারণ করা হয়েছে।
