আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মে মাসে ৪০ জন নিহত হয়েছে
আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মে মাসে ৪০ জন নিহত হয়েছে। এর মধ্যে র্যাবের ক্রস ফায়ারে ১৫ জন, পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে ৯ জন এবং পুলিশের ক্রস ফায়ারে ১৬ জন নিহত হয়।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ডকুমেন্টেশন, প্রেস ও গবেষনা বিভাগের জরিপ থেকে এ তথ্য জানা গেছে। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে তারা মে মাসের অপরাধ বিষয়ক রিপোর্টটি তৈরি করে।
রিপোর্টে উল্লেখ করা হয়, বিয়েতে রাজি না হওয়া, চাঁদা না দেওয়া, শিশুদের ঝগড়া, পূর্ব শত্রুতা, জমি সংক্রান্ত বিরোধ, ডাকাতি, ছিনতাই, গণপিটুনি, প্রেমের কারণে, রাজনৈতিক সহিংসতা সহ সামাজিক কারণে ১৮৩ জনের মৃত্যু হয়েছে। কেবল স্বামীর নির্যাতনে মৃত্যু হয়েছে ১৩ জনের। এছাড়া জেল হাজতে ৮ জনের, চিকিৎসকের অবহেলায় ৩ জনের মৃত্যু ঘটে এবং বিএসএফ’র গুলিতে নিহত হয় ৩ জন। ৬৯ জনের মৃত্যুর কারণ জানা যায়নি।
রিপোর্টে আরও উল্লেখ করা হয়, মে মাসে লঞ্চ ডুবে যাওয়া, বজ্রপাত, অগ্নিদগ্ধ হওয়া, ট্রেনে কাটা পড়া, বিষাক্ত মদপান, সড়ক দুর্ঘটনা, গাছ চাপাসহ বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছে ৬৫৯ জন।
আত্মহত্যা করেছে ২৯ জন। এর মধ্যে নারী ১১ জন, পুরুষ ১৫ জন এবং ৩ জন শিশু। এসিড নিক্ষেপের শিকার হয়েছেন ১৩ জন, পাচারের শিকার ৯ জন ও অপহরণের শিকার হয়েছেন ৪৭ জন। মে মাসে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
