নাটোরে পুত্রের হাতে পিতা খুন
নাটোরের লালপুর উপজেলার পাইকপাড়া গ্রামে সোমবার পারিবারিক কলহের জের ধরে পুত্রের হাতে নৃশংসভাবে খুন হয়েছে পিতা। নিহত ব্যাক্তির নাম শওকত আলী (৪৫)।
গ্রামবাসীরা জানায়, নিহত শওকত আলী সোমবার রাতে বাড়ির পাশে অয়ন প্রমানিকের আম বাগান পাহারা দেয়ার জন্য বের হয়। রাত আনুমানিক ১১ টার দিকে তার ছেলে মান্নান বাগানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত শওকত আলীকে জবাই করে হত্যা করে।
এরপর মান্নানের অস্বাভাবিক আচরনে সন্দেহ হলে গ্রামবাসীরা লালপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মান্নানকে গ্রেফতার করে এবং নিহতের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।
গ্রামবাসীরা জানায়, ১৩ বছর আগে শওকত আলী তার স্ত্রী মীনা বেগমকে পিটিয়ে হত্যা করে। মায়ের হত্যার প্রতিশোধ নিতেই পুত্র মান্নান এই হত্যাকান্ড ঘটিয়েছে। এ ঘটনায় নিহতের পিতা মকবুল হোসেন লালপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
