পল্লবীতে পুলিশের ক্রসফায়ারে ‘কিলার সাইদ’ নিহত
রাজধানীর পল্লবীতে সোমবার শেষ রাতে পুলিশের ক্রসফায়ারে সাইদুর রহমান (২৬) ওরফে ‘কিলার সাইদ’ নামে এক কথিত সন্ত্রাসী নিহত হয়েছে।
মঙ্গলবার পল্লবী থানা পুলিশ জানায়, নিহত কিলার সাইদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ মোট ১২টি সন্ত্রাস ও চাঁদাবাজীর মামলা রয়েছে। সোমবার সে পুলিশের হাতে ধরা পড়ে। ওই দিনই রাত ৩ টার দিকে পল্লবীর কালাপানি এলাকায় পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। সে সময় দুপক্ষের ‘ক্রসফায়ারে’ পড়ে কিলার সাইদ মারা যায়।
পরে পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে একটি শাটারগান, একটি রিভলবার, পাঁচ রাউন্ড এলজির বুলেট, পাঁচটি ককটেল, দুটি ছোরা এবং তিনটি পয়েন্ট থ্রি টু পিস্তলের গুলির খোসা উদ্ধার করে।
পুলিশ জানায়, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যূর মামলা হয়েছে। নিহত কিলার সাইদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
