শিবগঞ্জে ঝড়ে পড়া আম প্রক্রিয়াজাত করা হচ্ছে
জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় ঢাকার কয়েকটি প্রতিষ্ঠিত কোম্পানীর অর্থায়নে স্থানীয় ব্যক্তিদের দ্বারা বিভিন্ন সময়ে গাছ থেকে ঝড়ে পড়া আম প্রক্রিয়াজাত করা হচ্ছে।
জানা গেছে, রাজধানী ঢাকার কয়েকটি কোম্পানী স্থানীয় ব্যক্তিদের সহায়তায় কানসাট এলাকার ৩টি স্থানে ঝড়ে পড়া আম ফালি ফালি করে কেটে লবন ও পরিমানমত ফলিক এসিড মিশিয়ে কন্টেইনারে করে ঢাকায় নিয়ে যাচ্ছে। এতে করে স্থানীয় কিছু ব্যক্তির লাভ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ৩টি কারখানায় অন্তত ৫’শ নারী পুরুষের চলতি আম মৌসুমে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। গোটা মৌসুম জুড়েই এ কার্যক্রম চলবে বলে উদ্যোক্তারা জানান। তারা আরও জানান, ঝড়ে পড়া আমই তাদের মূল লক্ষ্য। কারণ এ আম সস্তায় মাত্র দু’তিন টাকা কেজি দরে পাওয়া যায়। তবে ঢাকার কোন কোন কোম্পানী এ খাতে অর্থ বিনিয়োগ করছে তারা তা বলতে অস্বীকৃতি জানায়।
ওই ৩টি কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আক্কাস বাজার, খেনীতলা বাজার-এর আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, আহসান হাবীব ও মাহাতাব উদ্দীন গত মৌসুম থেকে এ কাজের সঙ্গে যুক্ত হন । তাদের সঙ্গে প্রায় দেড়’শ নারী পুরুষ এ কাজে নিয়োজিত রয়েছে। এদের অধিকাংশই গ্রামের দুঃস্থ মহিলা ও শিশু। তারা চাইছে, এ এলাকায় আম প্রক্রিয়াজাতকরণের স্থায়ী ব্যাবস্থা হোক।
