সিলেটে সেভেন সিন্ডিকেটের স্মাগলিং
সিলেট বিভাগের ৪টি জেলা মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জকে ঘিরে একটি শক্তিশালী স্মাগলিং নেটওয়ার্ক গড়ে উঠেছে। এ চক্রটি হুন্ডি, বিদেশে অবৈধভাবে অস্ত্র পাঠানো এবং স্বর্ণ ও মাদক ব্যবসার সাথে জড়িত।
সূত্র জানায়, স্মাগলারদের এ চক্রটি ব্যবসায়িক স্বার্থেই সিলেট বিভাগের রাজনীতি, অর্থনীতি ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করছে। এ চক্রের সাথে জড়িত মাদকদ্রব্য ব্যবসার সকল কার্যক্রম ব্যাংকক ও সিঙ্গাপুর থেকে পরিচালনা করা হচ্ছে। সিলেট বিভাগের জন্য তাদের রয়েছে সাত সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী সিন্ডিকেট।
পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, এরা গ্রেপ্তার হয়েছে বহুবার, কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়েছে। এদের সরাসরি তত্ত্বাবধানে সিলেট বিভাগে ২০টি সন্ত্রাসী গ্রুপ গড়ে উঠেছে।
সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার ও মৌলভীবাজারের শমসেরনগর এলাকায় তাদের প্রায় ২‘শ ইনফর্মার রয়েছে। এরা প্রশাসনিক বিষয়াদি ছাড়াও অন্যান্য অনেক বিষয়ে খবর আদান-প্রদান করে।
মৌলভীবাজার জেলায় রয়েছে রাজনৈতিক ছত্রছায়ায় মাফিয়া চক্রের ২টি সিন্ডিকেট সন্ত্রাসী গ্রুপ। এরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও দলের সাইনবোর্ড ব্যবহার করে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ও ক্যাডার গ্রুপের সহায়তায় জমজমাট চোরাচালানী ব্যবসা চালিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে কাক ডাকা ভোর পর্যন্ত এদের পদচারণা থাকে সংশ্লিষ্ট চোরাচালান রুটগুলোতে।
অভিযোগ আছে চোরাচালানকৃত মালামাল পাচারে পুলিশের ভূমিকা আছে। মালামাল কোন সময় পাচার হয়, তা পুলিশের অজানা থাকে না। পুলিশকে বখরা দিয়ে চুক্তি করে চোরাই মাল আনা হয়। মৌলভীবাজারে প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা পুলিশকে চোরাচালানি সিন্ডিকেট প্রদান করছে। এতে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে পুলিশ ও মাফিয়া সিন্ডিকেট।
জানা গেছে, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ থানাগুলোতে পোষ্টিং পাওয়ার জন্য পুলিশের ইন্সপেক্টর থেকে কনষ্টেবল পর্যন্ত সকলকে অতিরিক্ত টাকা গুনতে হয় ফি হিসেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, সিলেটে পোষ্টিং না হলে যেন চাকুরীর স্বাদ অসম্পূর্ণ থেকে যায়।
অভিযোগ রয়েছে, পুলিশের ডিবি, এসবি, সিআইডি ও থানা পুলিশকে চুক্তি মোতাবেক বখরা দিয়ে সিন্ডিকেট এ অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। সিলেট বিভাগের ৪টি জেলায় পুলিশের ’ক্যাশিয়ার’ মাসের টাকা কালেকশন করে।
সিলেট বিভাগের মাফিয়া চক্রের সদস্য হচ্ছে একজন বিশিষ্ট রাজনীতিবিদ, তিনি মাফিয়া চক্রের মৌলভীবাজার নেটওয়ার্কে সক্রিয়ভাবে জড়িত। তিনি ব্যক্তিগতভাবে হুন্ডি ব্যবসার সাথেও জড়িত।
উল্লেখ্য, সিলেট বিভাগের বিপুল সংখ্যক উপজাতি মাফিয়া চক্রের সাথে জড়িত। এরা অস্ত্র, স্বর্ণ, হুন্ডি ও মাদক ব্যবসার সাথেও সম্পৃক্ত। এই মাফিয়া চক্রের বিরোধিতা করলে হতে হয় লাশ নতুবা মিথ্যা মামলায় জড়িয়ে যেতে হয় জেলখানায়।
