২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ থেকে আরও চা আমদানি করবে পাকিস্তান

অদুর ভবিষ্যতে বাংলাদেশ থেকে চা আমদানির ক্ষেত্রে আরও গুরুত্ব দেয়ার আশাবাদ ব্যক্ত করেছে পাকিস্তান টি এসোসিয়েশন (পিটিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সফররত প্রতিনিধি দলের নেতা ও পিটিএ চেয়ারম্যান মোহাম্মদ আলতাফ বলেন, চা আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশকেও রাখা হয়েছে।

রোববার নগরীর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ টি এসোসিয়েশন (বিটিএ) আয়েজিত এক মধ্যাহ্ন ভোজে পিটিএ’র চেয়ারম্যান একথা বলেন।

বানিজ্য মন্ত্রী এয়ারভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মাঞ্জার শফিক, বিটিএ’র সাবেক চেয়ারম্যান লায়লা রহমান কবির, বর্তমান চেয়ারম্যান ওয়াহিদুল হক এবং বাণিজ্য সচিব সিদ্দিকুর রহমান খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মোহাম্মদ আলতাফ বলেন, এশিয়ার অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশ থেকে বিপুল পরিমানে চা আমদানি করা হয় ফলে পাকিস্তানে বাংলাদেশী চা গুরুত্বপুর্ণ অবদান রাখছে।

বিটিএ চেয়ারম্যান ওয়াহিদুল হক বলেন, বিগত তিন বছরে পাকিস্তানে চা রপ্তানী বৃদ্ধি পেয়েছে। ২০০৩-০৪ সালে এর পরিমান দাঁড়ায় নয় দশমিক সাত মিলিয়ন কেজি। এটা পকিস্তানের জন্য মোট চা আমদানির আট শতাংশ মাত্র।

তিনি আরও বলেন, পাকিস্তান সরকারের শুল্কবিহীন সুবিধার কারনে এই পরিমান চা রপ্তানী সম্ভব হয়েছে এবং এর চাহিদা আরও বৃদ্ধি পাবে।

চা’র গুনগত মান নিয়ে তিনি বলেন, পাকিস্তানী গ্রাহকদের জন্য বাংলাদেশ মানসম্মত প্যাকেজিং মেটেরিয়ালস, ওজন, দ্রুত সরবরাহ এবং চায়ের মান উন্নত করার চেষ্টা করছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে চায়ের চাহিদা বার্ষিক তিন শতাংশ বৃদ্ধির ফলে সরকার চা চাষের বিশেষ পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি সরবরাহ দ্রুত করার জন্য বন্দরে একটি ওয়ান স্টপ সেন্টার চালু করা হয়েছে।

বর্তমানে পাকিস্তান তার ৬৫ শতাংশ চা আমদানি করে কেনিয়া থেকে এবং বাকিটা আমদানি করা হয় বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশ থেকে। এর ফলে পাকিস্তান ৬৭ মিলিয়ন মার্কিন ডলারের সারপ্লাস সুবিধা ভোগ করছে।