২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়াটে সন্ত্রাসীদের তাণ্ডবে গাইবান্ধায় ৩২ ভুমিহীন পরিবার ভিটেছাড়া

অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের ভাড়াটে সন্ত্রাসীরা শনিবার হামলা চালিয়ে গাইবান্ধা শহরের নতুন ব্রীজ সংলগ্ন এলাকার ৩২টি ভুমিহীন পরিবারকে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করেছে। এসময় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে মহিলা ও শিশুসহ ১৫ জন আহত হয়।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চকমামরোজপুর গ্রামের মমিন উদ্দিনের ছেলে মাহফুজুুর রহমান নওশার নেতৃত্বে প্রায় দু’শ ভাড়াটে সন্ত্রাসী শনিবার বিকেলে লাঠিসোটা ও রাম দা নিয়ে ভুমিহীন পরিবারগুলোর ওপর হামলা চালায়। তারা অসহায় ভুমিহীন পরিবারগুলোর ঘরবাড়ি, গাছপালাসহ সবকিছু তছনছ করে। এ সময় মহিলা ও শিশুরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছোটছুটি করতে থাকে।

এ ঘটনার ব্যাপারে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহফুজুর নওশা জানান, ভুমিহীন হিসেবে তিনি সরকারের কাছ থেকে এক একর জমি লিজ নিয়েছেন। তার লিজ নেয়া জমিতেই এই ভুমিহীন পরিবারগুলো বসবাস করছিল। সম্পুর্ন আইনগতভাবেই তাদের উচ্ছেদ করা হয়েছে বলে জানান নওশা।

অন্যদিকে এলাকার পৌর কমিশনার নিয়াজ রহমান জানান, কোন রকম বৈধ কাগজপত্র ছাড়া এলাকার চেয়ারম্যান ও কমিশনারকে না জানিয়ে ভুমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে।