পঞ্চগড়ে আত্মীয়ের পারিবারিক গোরস্থানে শাম্মীর দাফন সম্পন্ন, এলাকায় শোক মিছিল
কয়েক হাজার শোকার্ত মানুষের উপস্থিতিতে রোববার সকাল সাড়ে নয়টায় শাম্মী আখতারের লাশ পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন এক আত্মীয়ের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ মোড়ে বাস চাপা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী শাম্মী নিহত হয়।
শাম্মীর স্মৃতি রক্ষার্থে বাবা মাজহারুল হকের অনুরোধেই তাকে ওই গোরস্থানে দাফন করা হয়েছে। কেন্দ্রীয় গোরস্থান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার রাত সোয়া একটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সাদা রংএর মাইক্রোবাসে শাম্মীর লাশ নিয়ে তার সহপাঠিরা পঞ্চগড়ে ইসলামবাগের বাসায় পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। গোটা বাড়ি জুড়ে কান্নার রোল পড়ে যায়।
সন্ধ্যা থেকেই শাম্মীর আত্মীয়-স্বজন, সহপাঠি, বান্ধবীসহ হাজারও শুভাকাক্সক্ষী তাদের বাড়িতে ভিড় করতে থাকে। স্বজনসহ কেউ তার এই আকস্মিক মৃত্যুকে মেনে নিতে পারছিলেন না। মেয়ের লাশ দেখে শাম্মীর বাবা ও মা বার বার মুর্ছা যাচ্ছিলেন এবং বিলাপ করছিলেন।
কে জানতো, এত অল্প বয়সে শাম্মী সবাইকে ছেড়ে চলে যাবে! সবার চোখের জলে সিক্ত হয় শাম্মীর মরদেহ।
শাম্মীর বাবা মেয়ের সাথে বলা সর্বশেষ কথার স্মৃতিচারণ করে কেঁদে উঠছিলেন। মেয়েকে পড়ানোর জন্যে ব্যাংকে রাখা দেড় লক্ষ টাকা কেন্দ্রীয় গোরস্থান মসজিদ ও মাদ্রাসায় দান করবেন বলে শাম্মীর বাবা জানান।
ঢাকায় চিকিৎসাধীন ভাইকে দেখে ফেরার সময় শাম্মী বলেছিল, ‘ভাইয়া আমি আর আসবোনা’। এ কথায় ভাই বকুলের খটকা লাগলে তিনি জিজ্ঞেস করায় শাম্মী বলেছিল, ১ জুন থেকে তার পরীক্ষা। তাই আর আসা হবে না। ঠিকই শাম্মী আর আসবে না, পরীক্ষার পরেও না। শাম্মী চলে গিয়েছে একেবারেই না আসার জগতে।
শাম্মীর অকাল মৃত্যুতে স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ঢাবি’র উপাচার্য ও প্রক্টর টেলিফোনে শাম্মীর বাবার কাছে শোক প্রকাশ করে সমবেদনা প্রকাশ করেছেন।
পঞ্চগড় জেলা প্রশাসক আজহার আলী, পৌর চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম সুজন ও সাধারণ সম্পাদক মাজহারুল হক শাম্মীদের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে বিকেলে সর্বদলীয়ভাবে শহরের শেরে বাংলা পার্ক থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিল শেষে শাম্মীর অকাল মৃত্যুর জন্যে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এদিকে বিডিনিউজ’র ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, শাম্মীর নিহত হওয়ার প্রতিবাদে রোববার ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সকালে ছাত্রলীগের নেতা কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে চৌরাস্তায় গিয়ে শেষ করে। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি আলতাফুর রহমান আলতাফের সভাপতিত্বে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসরাফিল আলম বিশাল, আবু সাঈদ, মারুফ হোসেন প্রমুখ।
