২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি দমনে কমিশনের সদিচ্ছাই যথেষ্ট: প্রফেসর ইউনুস

প্রফেসর মুহাম্মদ ইউনুস বলেছেন, উদ্যোগ নিলেই দুর্নীতি দমন করা সম্ভব। তিনি বলেন, দুর্নীতি দমন অতি সহজ কাজ। এ জন্য দুর্নীতি দমন কমিশনের সদিচ্ছাই যথেষ্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 05:14 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

রোববার ‘দুর্নীতির প্রকৃতি, কারণ ও প্রতিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। দুর্নীতি দমন কমিশন বিয়াম মিলনায়তনে দিনব্যাপী এ সেমিনার আয়োজন করে।

লিখিত বক্তব্যে প্রফেসর মুহাম্মদ ইউনুস বলেন, দুর্নীতির জন্ম হয় নীতির পেটে, আইনের বজ্র আঁটুনী ফস্কা গেরোতে। নিয়ম নীতি এমনভাবে বানানো হয়, যাতে নাগরিকদের ভাগ্য একজন কর্মকর্তা বা কর্মচারির ইচ্ছা অনিচ্ছার ওপর নির্ভর করে। ওপর ওয়ালা দেখেও না দেখার ভান করে।

তিনি বলেন, আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হলে কমিশনকে নিস্কলুষ রাখার বিষয়টিকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে নিতাম। দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি শূণ্য রাখতেই হবে। এই কমিশন হবে জিরো টলারেন্স জোন।

তিনি আরও বলেন, আমি কমিশনের চেয়ারম্যান হলে আমার সব কিছুর লক্ষ্য হবে একটাই। সেটি হচ্ছে দুর্নীতি দমন। সেই দমনের ফলাফল স্পষ্টভাবে দেখা যেতে হবে। মানুষকে সেটা অনুভব করতে হবে। অন্য সব কাজের ভিড়ে কমিশনের আসল কাজ যেন ভুলে না যাই, সেটি নিশ্চিত করতাম।

প্রফেসর ইউনুস বলেন, কমিশনের চেয়ারম্যান হিসেবে বর্তমানের দুর্নীতিকে প্রধান্য দিয়ে এ দুর্নীতি দমনে কমিশনের ৫০ ভাগ শক্তি নিয়োগ করতাম। ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়, সে জন্য ব্যয় করতাম ৩০ শতাংশ শক্তি। বাকী ২০ শতাংশ ব্যয় হতো অতীতের দুর্নীতির শাস্তি বিধানে।

তিনি বলেন, আমি যতই ভাবি ততই অবাক হয়ে যাই, কত সোজা দুর্নীতি দমনের কাজটি। এটি গতকাল পর্যন্ত যতটুকু শক্ত কাজ ছিলো, তথ্যপ্রযুক্তির কল্যাণে আজ তা-ও আর নেই। আগামীকাল আরও সহজ হয়ে যাবে। ই-গভর্ন্যান্স সরকারের সকল পর্যায়ের ব্যবস্থাপনাকে উজ্জ্বল আলোর নীচে সবার চোখের সামনে নিয়ে আসার ব্যাবস্থা করে দিতে পারে। এখন আর কোনও তথ্য বা খবর চেপে রাখার উপায় নেই।

সেমিনারে সভাপতির বক্তব্যে কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান বলেন, দুর্নীতি হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার দুষিত ক্ষত। দুর্নীতি একই সঙ্গে সভ্যতা, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, এবং সমস্ত কল্যাণের শত্রু। এটি উন্নয়ন, অগ্রগতি ও সৃমদ্ধির জন্যে বিরাট বাধা।

প্রফেসর আবুল বারাকাত বলেন, দুর্নীতি একটি দেশের দারিদ্র্য বাড়ায়, উৎপাদন হৃাস করে। এটি একই সঙ্গে দেশের ইমেজকে হুমকির মুখে ফেলে দেয়।

তিনি বলেন, গবেষণা দেখা গেছে, আমাদের দেশে বছরে ১১টি সেক্টরে ১৬ হাজার কোটি টাকার ঘুষ লেনদেন হয়। গবেষণায় আরও দেখা যায়, মাত্র ১০ থেকে ১৫ শতাংশ দুর্নীতি দমন করতে পারলে টাটা’র মতো বিনিয়োগ আমরাও করতে পারতাম।

আয়োজনে অন্যান্যের মধ্যে সোনালী ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মাহবুব উল্লাহ, বিআইডিএস’ পরিচালক (গবেষণা) ড. এম আসাদুজ্জামান বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, কমিশনার প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া ও মনির উদ্দিন আহমেদ, সচিব এম. আতাউর রহমান প্রমুখ।