ক্ষুদ্র কেন্দ্রের বিদ্যুত কেনার গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী
ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্র থেকে বিদ্যুত কেনার গ্যারান্টি দিলেন প্রধানমন্ত্রী।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রস্তাবে সংশোধনী এনে তার কার্যালয় সিদ্ধান্ত দিয়েছে সরকার দরপত্রের মাধ্যমে ন্যুনতম মূল্যে স্থানীয় মুদ্রায় এই বিদ্যুত কিনবে।
অচিরেই এই নীতিমালা বাস্তবায়নে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এর অধীনে দেশের বিভিন্ন জায়গায় ১৫ থেকে ২০টি ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্র করে এই সরকারের মেয়াদকালেই ঘাটতি মোকাবেলা সম্ভব হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় মনে করছে।
জানা যায়, সরকার বিদ্যুত কেনার গ্যারান্টি প্রদান না করলে উদ্যোক্তাদের কাছ থেকে সাড়া পাওয়া যাবে না-এই পরিস্থিতি বিবেচনা করে সরকারের উচ্চ পর্যায়ে ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্রের বিদ্যুত না কেনার শর্ত বিলুপ্ত করেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কথাও বলা হয়েছে বিদ্যুত না কেনার শর্ত আইপিপি নীতির পরিপন্থী।
দেশের বিদ্যুত ঘাটতি মোকাবেলায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর আগে কেনার গ্যারান্টি ছাড়া ১০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র স্থাপন উন্মুক্ত করার সিদ্ধান্ত দিয়েছিলো।
মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক আদেশে বলা হয়েছে, বিদ্যুত কেনার গ্যারান্টি না দেয়ার শর্তে বেসরকারি খাতে ১০ থেকে ৫০ মেগাওয়াট কেন্দ্র স্থাপনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা স্ব-বিরোধী।
এতে বলা হয় বিদ্যুত আর ১০টি পণ্যের মতো নয়। এর উৎপাদন এবং বিতরণের জন্য বিশেষ ব্যবস্থার প্রয়োজন আছে। যা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। উদ্যোক্তাদের পক্ষে এতো বিনিয়োগ করে বেসরকারি ভাবে ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্র নির্মাণ সম্ভব নয়।
বলা হয়েছে, বিদ্যুত কেনার নিশ্চয়তা পেলে বেসরকারি উদ্যোক্তারা আগ্রহী হবে। আর সঞ্চালন এবং বিতরণ নেটওয়ার্ক যেহেতু সরকারের হাতে তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বিদ্যুত কিনে সহজেই সেটা ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই চিঠিতে বলা হয়, বর্তমানে দেশে চাহিদার তুলনায় ঘাটতি ১,০০০ মেগাওয়াট। এই ঘাটতি পুরণে বৃহদাকার বিদ্যুত কেন্দ্র স্থাপন করতে হলে ৩০ থেকে ৩৬ মাস সময় লাগবে। তাই এই ধরনের বিদ্যুত কেন্দ্র স্থাপন সরকারের বর্তমান মেয়াদের মধ্যে সম্ভব নয়। এই প্রেক্ষাপটে বিদ্যুত ঘাটতি পূরনের জন্য কার্যকর পদক্ষেপ হচ্ছে ক্ষুুদ্রাকারের বিদ্যুত কেন্দ্র স্থাপন করা। যা ৬ থেকে ৯ মাসের মধ্যে উৎপাদন শুরু করতে সক্ষম।
নতুন নীতির আওতায় পিডিবি, আরইবি, ডেসা এবং ডেসকো দরপত্রের মাধ্যমে নির্ধারিত ট্যারিফে উদ্যোক্তাদের কাছ থেকে স্থানীয় মুদ্রায় বিদ্যুত কিনবে।
