২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের কন্যাকে হত্যার কথা স্বীকার করেছে পিতা

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যা মাহমুদা বেগমকে (১২) শ্বাসরুদ্ধ করে হত্যার কথা স্বীকার করেছে আফজাল হোসেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 05:36 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

রোববার এই পিতা পুলিশের কাছে ১৬১ ধারা এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় অপরাধের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। পুলিশ জানায়, নিহত মাহমুদা বেগমের পিতা আফজাল হোসেনের সাথে দীর্ঘ দিনের বিরোধ ছিলো প্রতিবেশী লালু মিয়ার। প্রতিপক্ষকে ফাঁসাতে সে পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটায়।

পুলিশ শনিবার তাদের বাড়ির পাশে বাঁশঝাড়ের ভেতর একটি গর্ত থেকে মাহমুদার লাশ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আলী আজম বলেন, কিশোরীর পিতা আফজাল হোসেন বাদী হয়ে লালু মিয়া ও তার পুত্র বেলাল হোসেনের নামে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা দায়ের করলেও পুলিশ হত্যাকারী হিসেবে তাকে সন্দেহ করে শনিবার জিজ্ঞাসাবাদের জন্যে আটক করে।

ডিমলা থানার ওসি আনিসুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আইউব আলী জানান, হত্যার আগে মেয়েটিকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।