২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাক ভাড়া বৃদ্ধি নিয়ে জটিলতা, বন্দর থেকে পন্য পরিবহনে অচলাবস্থার আশঙ্কা

বন্দর ট্রাক মালিক সমিতি কর্তৃক ৩০ শতাংশ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তে সৃষ্ট জটিলতায় চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 04:27 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

চট্টগ্রাম ট্রাক মালিক সমিতি আগামী ১ জুন থেকে ট্রাক ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। সমিতির সভাপতি হাজী নুরুল আমিন এ ব্যাপারে বিডিনিউজকে জানান, ৯৯’ সালের পর থেকে বন্দরে ট্রাক ভাড়া বৃদ্ধি করা হয়নি। অথচ এ সময়ের মধ্যে জ্বালানী খরচ, গাড়ী ও যন্ত্রাংশের মূল্যসহ অন্যান্য খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় ৮০ শতাংশের মত।

ট্রাক মালিক সমিতির এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বন্দর কর্তৃপক্ষের কাছে আপত্তি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাস্ট্রিজ (সিসিসিআই) ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন। এ জটিলতা নিরসনে চট্টগ্রাম চেম্বার অব কমার্সে সোমবার ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট ও ট্রাক মালিকদের ত্রিপক্ষীয় বৈঠক ডাকা হয়েছে।

চেম্বার সূত্রে বলা হয়, কোনও ভাবেই ট্রাক মালিক সমিতির এক তরফা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত মেনে নেয়া হবে না। তবে ইতোপূর্বে চেম্বার, ট্রাক মালিক সমিতি ও সিএন্ডএফ এজেন্টদের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভাড়া বৃদ্ধির পরিবর্তে বিকল্প কয়েকটি প্রস্তাব দেয়া হবে বৈঠকে।

অপর দিকে ট্রাক মালিক সমিতি সূত্র জানিয়েছে, ১ জুন থেকে বর্ধিত ভাড়া কার্যকর না হলে বন্দরে অনির্দিষ্ট কালের ধর্মঘট ডাকা হবে।