খুলনায় সন্ত্রাসীদের এসিডে শিশু নিহত হওয়ায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নিন্দা
খুলনায় বৃহস্পতিবার সন্ত্রাসীদের এসিডে আট মাসের শিশু মুক্তার মৃত্যুতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব অ্যাডভোকেট সিগমা হুদা এবং নির্বাহী পরিচালক অ্যাডভোকেট এলিনা খান উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এক যৌথ বিবৃতিতে তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত বিচার ও এসিডে আহতদের সুচিকিৎসার দাবি জানান। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
চিংড়ি ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে খুলনার কয়রা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সন্ত্রাসীদের নিক্ষিপ্ত এসিডে আট মাসের শিশু মুক্তা নিহত হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে মা রোকসানা এবং ছয় বছরের ছেলে বাদশা।
