মহাসড়কে দুর্ঘটনায় আহতদের জন্যে হাইওয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা প্রয়োজন: ড. মোশাররফ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মহাসড়কে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দিতে হাইওয়ে অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা প্রয়োজন। বিআরটিসি এ বিষয়ে উদ্যোগ নিলে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা দেবে।
শনিবার তেজগাঁও বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্রে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারদের ১৯ তম বুনিয়াদী প্রশিক্ষণ পাঠ্যক্রমের ড্রাইভিং কোর্সে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি’র চেয়ারম্যান অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।
এক তথ্য বিবরণীতে জানা যায়, বিশ্বে প্রতিবছর দুর্ঘটনাজনিত কারণে প্রায় ৫৮ লাখ লোক মৃত্যুবরণ করে, যা মোট মৃত্যুর শতকরা ১১ ভাগ। এর মধ্যে ১৪ লাখ লোকের মৃত্যু ঘটে দক্ষিণ পূর্ব এশিয়ায়। প্রতিবছর দুর্ঘটনাজনিত কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় ১৪ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়।
