২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল স্থল বন্দর উন্নয়ন: সরকার ১০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে

দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলের উন্নয়ন ঘটাতে সরকার প্রায় ১০ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে। বন্দরে আমদানি-রফতানি বাণিজ্যের পরিমান ক্রমাগত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সরকার এ পদক্ষেপ নিয়েছে। প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 11:43 AM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সূত্র জানায়, এডিপি’র তালিকাভুক্ত এই প্রকল্পের অধীনে ১০ একর জমি অধিগ্রহন, ৮টি শেড ও ওয়্যারহাউজ নির্মাণ, ২টি ওপেন ষ্ট্যাক ইয়ার্ড নির্মাণ, ২১৫ বর্গমিটারের ডরমেটরী, ৪ হাজার ৭‘শ ২৮ বর্গমিটারের বিটুমিনাস রাস্তা ও ২ হাজার ৫‘শ ৭২ বর্গমিটারের পিচ রাস্তা নির্মাণ করার কথা।

প্রকল্পের সময়কাল জুলাই ২০০৩ থেকে জুন ২০০৬ পর্যন্ত। ইতোমধ্যে নির্মাণ কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে।

জানা যায়, স্থল বন্দরের ওয়্যারহাউজগুলোর ধারণ ক্ষমতা মাত্র ২১ হাজার ৭‘শ মেট্রিক টন। কিন্তু বাণিজ্যের পরিমান প্রতিদিনই বাড়ছে, ফলে মালামাল সংরক্ষণে ব্যাপক সমস্যায় পড়তে হয়।

এক হিসাবে দেখা গেছে, গড়ে প্রতি বছর প্রায় ৩৩ শতাংশ অতিরিক্ত মালামাল সংরক্ষনের প্রয়োজন হয়। মালামাল রাখার জায়গার অভাবে হাজার হাজার মেট্রিক টন পণ্য খোলা আকাশের নিচে পড়ে থাকে। আমদানীকারক ও সিএন্ডএফ এজেন্টদের পক্ষ থেকে প্রায়ই বন্দরে পণ্য সংরক্ষণাগার বাড়ানো ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানানো হয়।

পণ্যজটের পাশাপাশি যানজট নিরসনে প্রস্তাবিত বাইপাস সড়কটি দ্রুত নির্মাণের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে।

কলকাতা ও বেনাপোলের মধ্যে দূরত্ব কম হওয়ায় দু‘দেশের আমদানিকারক ও রফতানিকারকরা এই বন্দর দিয়ে মালামাল পাঠাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। তাছাড়া বেনাপোল থেকে দেশের বিভিন্ন স্থানের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানির পরিমাণ দিন দিন বাড়ছে।