নেত্রকোণা আইনজীবী সমিতির কার্যক্রম বন্ধের দাবি, আদালতে মামলা
নেত্রকোণা আইনজীবী সমিতির সকল কার্যক্রম বন্ধ, কর্মকর্তাদের পদাধিকার প্রয়োগ থেকে বিরত থাকা এবং গত ১৯ মে সভায় গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবিতে এডভোকেট আরিফা জেসমিনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সমিতির সাধারণ সম্পাদককে তিনদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। বৃহস্পতিবার এই নোটিশ জারি করা হয়।
জানা গেছে, নেত্রকোণা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি উকিল এডভোকেট আব্দুল কুদ্দুস গত ১৯ মে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ এনে এডভোকেট আরিফা জেসমিনসহ চার আইনজীবীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বহিষ্কারের সিদ্ধান্তটি ২৫মে লিখিত আকারে অভিযুক্ত আইনজীবীদের জানালে এডভোকেট আরিফা জেসমিন বৃহস্পতিবার সমিতির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা, অবৈধ ভাবে পদ ব্যবহার এবং সমিতির সকল কার্যক্রম বেআইনি ঘোষণার দাবিতে আদালতে মামলা দয়ের করে।
এরই পরিপ্রেক্ষিতে আদালত বৃহস্পতিবার কারণ দর্শানো নোটিশ জারি করে।
এদিকে আইনজীবী সমিতির কার্যালয়ে সম্ভাব্য সংঘর্ষের আশংকায় গত ১৫দিন ধরে দাঙ্গা পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
