২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে চাঁদাবাজিকে কেন্দ্র করে ব্যবসায়ী ও বিএনপি কর্মীদের সংঘর্ষ

চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জেলার পুঠিয়ার ঝলমলিয়া বাজারে ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি ক্যাডারদের দফায় দফায় সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। এসময় কমপক্ষে ২৫ টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

ব্যবসায়ী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে আশরাফ বাহিনীর প্রধান আশরাফের পুত্র ডলার ঝলমলিয়া বাজারের অথৈ কনফেকশনারি’র মালিক কাইয়ুম’র কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এক ঘন্টার মধ্যে কনফেকশারি বন্ধ করে দেয়ার হুমকি দেয়। ব্যবসায়ীরা প্রতিবাদ জানালে ডলারের নেতৃত্বে অথৈ কনফেকশনারি ভাংচুর করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীরা পুঠিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায়।

এ ঘটনার প্রতিবাদে ঝলমলিয়া বাজারের ছয় শত ব্যবসায়ী শুক্রবার সকাল থেকে ধর্মঘট শুরু করে। এসময় ব্যবসায়ীরা পৌর প্রশাসকের অনুরোধ প্রত্যাখ্যান করে চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে বিএনপি’র দলীয় ক্যাডাররা ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। ব্যবসায়ীরাও পাল্টা ধাওয়া করে। সংঘর্ষের সময় দলীয় ক্যাডাররা তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এবং রাজশাহী-ঢাকা মহাসড়কে আটকে পড়া মডার্ণ এন্টারপ্রাইজের একটি বাস ভাংচুর করে। পুলিশ ও দাঙ্গা পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে প্রায় তিন ঘন্টা পর র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব বাহিনী মোতায়েন করা হয়েছে।