রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনা, হত ৪, আহত ২৫
রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলার আবরা ব্রীজের কাছে বৃহস্পতিবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে।
আহতদের পীরগঞ্জ ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাত জনের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা কেয়া পরিবহনের ঠাকুরগাঁওগামী একটি নৈশ কোচ উক্ত স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু ঘটে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম নজরুল ইসলাম (২৯)।
পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে বরিশালে বরিশাল-ঢাকা মহাসড়কের দপদপিয়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে গাড়ীর ধাক্কায় এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের নাম জুয়েল (২২), সে ওই সময় রাস্তা পার হচ্ছিল।
