২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে আগামী এক মাসের মধ্যে অবৈধ রোহিঙ্গাদের তালিকা তৈরির নির্দেশ

কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ব্যাপক হারে রোহিঙ্গাদের অনুপ্রবেশে উদ্বেগ প্রকাশ করে কক্সবাজার জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় আগামী এক মাসের মধ্যেই জেলার বিভিন্ন উপজেলায় বসবাসরত রোহিঙ্গাদের তালিকা প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি সভাপতির বক্তব্যে উপরোক্ত নির্দেশ দেন। প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জাতীয়তা সনদ না দেওয়ার জন্যেও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন।

সভায় প্রতিমন্ত্রী বলেন, টেকনাফ-উখিয়া অঞ্চলে রোহিঙ্গাদের বসবাস এতই উদ্বেগজনক ও মাত্রাতিরিক্ত যে, আগামীতে ইউপি নির্বাচনে রোহিঙ্গারাই জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবে। স্থানীয়রা সংখ্যালঘু হয়ে পড়বে। রোহিঙ্গারা এমনকি নানা অপরাধের সাথেও জড়িয়ে পড়েছে।

প্রতিমন্ত্রী সভায় পেশ করা অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তালিকা অস¤পূর্ণ উল্লেখ করে বলেন, প্রায় এক বছর আগেই রোহিঙ্গাদের তালিকা প্রণয়নের জন্যে জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হলেও উপজেলা প্রশাসন স¤পূর্ণ তালিকা প্রণয়ন করতে পারেনি।

তিনি বলেন, আগামী মাসের আইন শৃংখলা কমিটির বৈঠকেই রোহিঙ্গাদের তালিকা চূড়ান্ত করে জমা দিতে হবে।

সভায় আর বক্তৃতা করেন শাহাজাহান চৌধুরী এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপির সেক্রেটারি এটি এম নুরুল বশর চৌধুরী প্রমুখ।