গাইবান্ধায় গৃহবধূ এসিডদগ্ধ
গাইবান্ধার পলাশবাড়ীতে মঞ্জুয়ারা বেগম (২২) নামে এক গৃহবধূ এসিড দগ্ধ হয়েছে। মহদীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে এঘটনা ঘটে।
পুলিশ ও আহতের পারিবারিক সূত্র জানায়, ভোর ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা কতিপয় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বিরোধী পক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন আহতের পরিবার।
নিক্ষিপ্ত এসিডে গৃহবধূ মঞ্জুয়ারার পিঠ ও বুক ঝলসে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তাকে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
