২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্র বহুমুখী সেচ প্রকল্প ৪৪ বছরেও বাস্তবায়ন হয়নি

দীর্ঘ ৪৪ বছর আগে নেওয়া ব্রহ্মপুত্র বহুমুখী সেচ প্রকল্প কর্তৃপক্ষের অবহেলা এবং সিদ্ধান্তহীনতার কারণে এখনও বাস্তবায়ন হয়নি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 11:55 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পাকিস্তান আমলে অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষ্যে ব্রক্ষপুত্র অববাহিকা অঞ্চলের ২৫ লাখ হেক্টর জমি সেচ প্রকল্পের আওতায় নেওয়ার জন্য ১৯৬০ সালে তৃতীয় পঞ্চ-বার্ষিকী পরিকল্পনায় অর্ন্তভূক্ত করা হয় এবং ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। প্রকল্প এলাকায় বেশ কয়েকটি জাতীয় সংস্থা জরিপ কাজও সমাপ্ত করে।

প্রাথমিক পর্যায়ে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প এলাকায় দুই কোটি টাকা ব্যয়ে বিভিন্ন কাঠামো নিমার্ণও করে। ষাটের দশকের মধ্যভাগে প্রকল্পের কাজ স্থগিত হয়ে যায়।

বাংলাদেশের স্বাধীনতার পর সরকার এ প্রকল্পটি হাতে নেয় এবং এর গ্রহণযোগ্যতা যাচাইয়ের জন্য একটি পর্যবেক্ষক টিম গঠন করে। কিন্ত রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের পর প্রকল্পটির কার্যক্রম আবারও বাধাগ্রস্ত হয়।

বৃহত্তর ময়মনসিংহের অর্থাৎ জামালপুর, কিশোরগঞ্জ, শেরপুর এবং ময়মনসিংহ জেলার ব্রক্ষপুত্র অববাহিকার জনগণ এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য বহুবার সরকারের কাছে দাবি জানিযেছে। কিন্ত এখনও তা উপেক্ষিতই রয়ে গেছে।

সেচ সুবিধা না থাকায় শুকনো মৌসুমে ব্রক্ষপুত্র এলাকায় হাজার হাজার হেক্টর জমি অনাবাদী থেকে যাচ্ছে।