২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বত্য চট্টগ্রাম গৃহীত উন্নয়ন প্রকল্পে পাহাড়ি বাঙালি বৈষম্যের অভিযোগ খতিয়ে দেখা শুরু

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) পার্বত্য চট্টগ্রাম গৃহীত উন্নয়ন প্রকল্পে পাহাড়ি- বাঙালি বৈষম্যের অভিযোগ খতিয়ে দেখা শুরু হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 08:58 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সূত্র জানায়, বাঙালি সমঅধিকার আন্দোলনের পক্ষ থেকে দেয়া অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

২৪ মে প্রেরিত এক পত্রে বিষয়টিকে স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে এ দু’টি প্রতিষ্ঠানের প্রকল্প বাস্তবায়ন নীতিমালা ও কর্মচারি নিয়োগসহ সংশ্লিষ্ট সকল তথ্য জমা দিতে বলা হয়েছে।

সম অধিকার আন্দোলনের অভিযোগপত্রে বলা হয়, পার্বত্য চট্টগ্রামে বসবাসকারিদের মধ্যে অর্ধেক বাঙালি হলেও ইউএনডিপি’র পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন সহযোগিতা (সিএইচটিডিএফ) এবং এডিবি’র পার্বত্য চট্টগ্রাম রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে (সিএইচটিআরডিপি) বান্দরবানে তাদের কর্মচারি নিয়োগের ক্ষেত্রে কোন বাঙালিকে নিয়োগ দেয় না এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাঙালি গ্রামগুলোকে বাদ দেয়া হয়েছে।

ইউএনডিপি’র সিএইচটিডিএফ এর সিনিয়র কর্মকর্তা ড. নিয়াজ আহমদ খান এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্যে মঙ্গলবার থেকে বান্দরবানে অবস্থান করছেন। বুধবার সকালে তিনি বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস ম্যামাচিংএর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

ড. নিয়াজ আহমদ খান এ প্রসঙ্গে বলেন, ইউএনডিপি জাতিসংঘের একটি অন্যতম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কোন জাতি, গোষ্ঠী বা বর্ণের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে পারে না। তিনি আরও বলেন, আমরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। কোন কর্মকর্তার ব্যক্তিগত দোষের কারণে এ ধরণের বৈষম্য সৃষ্টি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইউএনডিপি ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পে চারটি বিভাগ রয়েছে। এর মধ্যে এখন কেবল ‘কমিউনিটি শক্তিশালীকরণ’ প্রকল্পের কাজ চলছে।