২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারিত

কিবরিয়া হত্যা মামলার আট আসামীকে বুধবার হবিগঞ্জ স্পেশাল-১ এবং জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। মামলার অন্যতম আসামী জমির আলীর জামিনের আবেদন না মঞ্জুর এবং মামলার অভিযোগ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

হত্যা মামলার অভিযোগ গঠনের জন্যে ১১ জুন এবং বিষ্ফোরক মামলার অভিযোগ গঠনের জন্যে ২৫ জুন নতুন তারিখ ধার্য করা হয়েছে।

বুধবার সকালে হত্যা ও বিষ্ফোরক মামলার প্রধান আসামী একেএম আব্দুল কাইউমসহ আট আসামীকে হবিগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল ১ এর বিচারক মো. আজিজুল আসলামের আদালতে হাজির করা হয়। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আফরাজ আফগান চেধুরী হত্যা মামলার অন্যতম আসামি জমির আলীর জামিনের আবেদন করেন। পাশাপাশি তিনি আসামি জয়নাল আবেদিন মোমিন, জমির আলী, তাজুল ইসলাম ও শাহেদ আলীর সুচিকিৎসার জন্যে আদালতের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, আসামিদের ৪৫ দিন আটকে রেখে নির্যাতন করায় তারা শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের সুচিকিৎসা প্রয়োজন।

এ সময় বাদী অ্যাডভোকেট আব্দুল মজিদ খান অনুপস্থিত ছিলেন। স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আজিজুল ইসলাম এক আদেশে জমির আলীর জামিনের আবেদন না মঞ্জুর করেন। অন্যদিকে চার আসামির সুচিকিৎসার জন্যে জেল সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।