নোয়াখালী পৌরসভায় ২০ কোটি টাকা ব্যয়ে নিরাপদ পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন
নোয়াখালী পৌর নাগরিকদের দীর্ঘদিনের পানি সমস্যা সমাধানে ডিপিএইচই-ডানিডা পানি সরবরাহ ও পয়:নিষ্কাশন প্রকল্পের আওতায় ২০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের আওতায় সাতটি উৎপাদক নলকূপ, তিনটি উচ্চ জলধারা, একশ’ কিলোমিটার পাইপ লাইন, পাঁচহাজার গৃহসংযোগ ছাড়াও ১১টি স্বাস্থ্যসম্মত পায়খানাসহ পয়ঃনিষ্কাশন, বর্জ্য অপসারণ ইত্যাদি কাজ বাস্তবায়ন করা হবে। ২০০৭ সালের মধ্যে নোয়াখালী পৌর এলাকায় পানি সরবরাহ পুরোদমে চালু করা হবে।
নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন আইআরপি চত্তরে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহজাহান। পৌর চেয়ারম্যান মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মজুমদার, পুলিশ সুপার একেএম সাহিদুর রহমান পিপিএম, পিএমইউ প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান নকিব আহসান, ডিপিএইচই-ডানিডার পরামর্শক রজার গ্রথে, নোয়াখালী কলেজের অধ্যক্ষ কাজী মো. রফিক উল্লাহ প্রমুখ।
প্রধান অতিথির ভাষণে মো. শাহজাহান বলেন, ডিপিএইচই-ডানিডার প্রকল্পের মাধ্যমে বর্তমান সরকার নিরাপদ পানি সরবরাহের কার্যক্রম বাস্তবায়ন করে পৌরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।
