চুয়াডাঙ্গা সীমান্তে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক
বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটেলিয়ন পর্যায়ের পতাকা বৈঠক বুধবার দামুরহুদা উপজেলার ঠাকুরপুকুর সীমান্তে অনুষ্ঠিত হয়েছে।
সকাল নয়টা থেকে বারটা পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিডিআরের পক্ষে ১৮ রাইফেল ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আবু সুফিয়ান তালুকদার নেতৃত্ব দেন। অপরদিকে ভারতীয় প্রতিনিধিদের পক্ষে নেতৃত্ব দেন দুই নং বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ড্যান্ট সনোয়াল। তাকে সহযোগিতা করেন উপ অধিনায়ক বিক্রম।
ঠাকুরপুকুর সীমান্তের ৯০ নং পিলারের কাছে জিরো লাইন থেকে বাংলাদেশ অংশের ৩০ গজ ভেতরে একটি কাঁচা রাস্তা সংস্কার নিয়ে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। বিএসএফের বাধার মুখে কাজটি বন্ধ রাখা হয়।
বিডিআর অধিনায়ক জানান, বিডিআরের পক্ষ থেকে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার পর বিএসএফ আপত্তি প্রত্যাহার করে নেয়। তিনি আরও বলেন, পতাকা বৈঠকে বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা হয়।
