২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৫ লাখ টাকার গাছ চুরি

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১৫ লক্ষাধিক টাকার সরকারী গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় দুর্বৃত্তরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 01:42 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এলাকাবাসী জানায়, স্থানীয় পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যক্ষ সহযোগিতায় দুর্বৃত্তরা দীর্ঘদিন যাবৎ গাছ কেটে যাচ্ছে। বিনিময়ে অসাধু কর্মকর্তারা তাদের কাছ থেকে মোটা অঙ্কের বখরা পাচ্ছে।

জানা যায়, জামালপুর-টাঙ্গাইল মহসড়কের কাঁচাসাড়া হতে তিতপল্যা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। একসময় প্রতিমাসে ২/১টা গাছ চুরি হওয়া স্বাভাবিক ঘটনা ছিল কিন্তু সম্প্রতি গাছ চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে।

স্থানীয় সূত্র জানায়, দুর্বত্তরা রাতের বেলা গাছ কেটে নারিকেলী নামক স্থানে অবস্থিত তিনটি স’ মিলে ওইগুলো জমা রাখে। পরে মিল মালিক গাছগুলো পাইকারি দরে বিক্রি করে।

গ্রামবাসীরা জানায়, চোরেরা এলাকার অতি পরিচিত মুখ।

এ ব্যাপারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে স্থানীয়রা মনে করছেন।