২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনভাবে কাজ করার জন্য নির্বাচন কমিশন সংস্কার প্রয়োজন: সিইসি এমএ আজিজ

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ তার পূর্বসুরি এমএ সাঈদের বক্তব্যের প্রতিধ্বনি তুলে বলেছেন, স্বাধীনভাবে কাজ করার জন্য নির্বাচন কমিশন সংস্কারের প্রয়োজন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সিইসি মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে তার প্রথম কার্যদিবসে সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কতটা সরকারের হাতে আর কতটুকু স্বাধীন তা আমি জানি না...কিন্তু আমি মনে করি এটি স্বাধীন থাকা উচিত।

নির্বাচন কমিশনের সংস্কারের ব্যাপারে তিনি বিরোধী দলের সাথে আলোচনা করবেন কি-না সে ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রয়োজনে আমরা তাদের সাথে আলোচনা করব।

সদ্য অবসরপ্রাপ্ত সিইসির দেওয়া ছয় দফা সংস্কার প্রস্তাবের ব্যাপারে তিনি বলেন, প্রস্তাবগুলো এখনও পরীক্ষা করে দেখিনি, পরীক্ষা করে না দেখে সে ব্যাপারে কিছু বলতে পারব না।

আগামী ২২ জুন নরসিংদী-১ আসনের উপনির্বাচন সম্পর্কে এবং উপনির্বাচনে আওয়ামী লীগের যোগদান প্রসঙ্গে তিনি বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগের যোগদানের সংবাদ শুনে আমি খুব খুশি হয়েছি এবং এতে প্রমাণিত হয় যে, তারা আমার নিয়োগের বিষয়টিকে মেনে নিয়েছে। আমার প্রতি তাদের যদি কোনও পরমর্শ দেওয়ার থাকে তবে তারা তা দিতে পারেন।

অবাধ ও সুষ্ঠু উপনির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তিনি বলেন, সরকার, নির্বাচন কমিশন কিংবা রাজনৈতিক দলগুলোর কারও পক্ষেই একা একা নির্বাচনের অবাধ ও সুষ্ঠুতা নিশ্চিত করা সম্ভব নয়। মিডিয়া, রাজনৈতিক দলসহ সবার সহযোগিতার মাধ্যমেই নির্বাচনের অবাধ ও সুষ্ঠুতা নিশ্চিত করা সম্ভব।

সিইসি নিয়োগকে আওয়ামী লীগের প্রত্যাখ্যান প্রসঙ্গে তিনি বলেন, এটা তাদের গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার... কোনও ব্যক্তি বা কোনও রাজনৈতিক দল কোনোকিছু গ্রহণ বা প্রত্যাখ্যান করতেই পারে।

তিনি বলেন, তবে আমি প্রতিশ্রুতি দিতে পারি যে, যা করব তা সংবিধান অনুযায়ী করব এবং সর্বোপরি কল্যাণ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তা করব।

নিজেকে নিরপেক্ষ ব্যক্তি বলে দাবি করে সিইসি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় হাইকোর্টের বিচারপতি হিসেবে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল। আমাকে কোনও রাজনৈতিক দলের লোক হিসেবে সন্দেহ করার কোনও কারণ নেই। আমি কারও লোক নই, আমি সবার লোক।

নির্বাচনে কমিশনে তার প্রথম কার্যদিবসে নবনিযুক্ত সিইসি নির্বাচন কমিশনারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, অনেকেই আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। অন্যান্যের মধ্যে বিচারপতি কেএম সোবহান, সাবেক সিইসি এটিএম মাসুদ, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান তাহমিদা বেগম এবং জাপা’র (এরশাদ) সাবেক একজন সংসদ সদস্য তাকে ফোনে অভিনন্দন জানান।

সিইসি হিসেবে তার প্রথম দিনের কাজ সম্পর্কে তিনি বলেন, আদালতের কাজের তুলনায় এখানে আজ আমি কিছুই করিনি।

স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত তার ছবিটি দেখিয়ে তিনি বলেন, আমি যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নজমুল হুদাকে আমার এলাকার মানুষের দুর্দশা এবং একটি সেতুর নির্মাণকাজের অগ্রগতি দেখাতে আমন্ত্রণ জানিয়ে ছিলাম। দৈনিক পত্রিকাটি সম্পর্কে তিনি বলেন, এটি নোংরা মানসিকতার ফল।