ভূয়া র্যাবকে গণধোলাই, পুলিশে সোপর্দ
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্রদের কাছে র্যাবের পরিচয়ে চাঁদাবাজি করার সময় গত সোমবার রাতে ছাত্ররা এক প্রতারককে আটক করেছে। অপর প্রতারক পালিয়ে গেছে। ছাত্ররা আটককৃতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, ঐ কলেজের তিনজন ছাত্র-সাগর হালদার, প্রশান্ত বিশ্বাস এবং নিতীশ সরকার-সোমবার রাত পৌনে ১১টার সময় একটি ধর্মীয় উৎসব থেকে মেসে ফেরার পথে শহরের আলিমুজ্জামান বেলি ব্রিজের কাছে ফরিদপুর শহরের হাড়ুকান্দি এলাকার কামাল হোসেন (২৪) ও কোমরপুর এলাকার হাসান (২৫) নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে ছাত্রদের গ্রেফতারের ভয় দেখায়।
প্রতারকরা ছাত্রদের কাছ থেকে নগদ টাকা ও ঘড়ি ছিনিয়ে নেয়। আরও টাকার জন্য চাপ দিলে ছাত্ররা তাদের সাথে মেসে যেতে বলে। টাকা আনার জন্য মেসে গেলে অন্য ছাত্রদের সন্দেহ হয়। তারা গণ ধোলাই দিয়ে কামালকে পুলিশে সোপর্দ করে। হাসান পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ কামালের কাছ থেকে র্যাবের ব্যবহৃত একটি গেঞ্জি উদ্ধার করেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
