অভিযুক্ত র্যাব সদস্যদের বিরুদ্ধেপ্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, নির্বাহী তদন্তের মাধ্যমে অভিযুক্ত র্যাব সদস্যদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
তিনি জানান, এ পর্যন্ত নির্বাহী তদন্তের ৫০ ভাগ কাজ শেষ হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অপারেশনাল ব্রিফিং সংক্রান্ত সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
সভায় দেশের আইন-শৃংখলার আরও উন্নতির জন্য ঢাকা মহানগরীসহ দেশের অন্যান্য এলাকায় ওয়ার্ড ভিক্তিক নজরদারি বাড়ানোর জন্য র্যাব সদস্যদের প্রতি নির্দেশ দেওয়া হয়।
দীর্ঘ পাঁচ ঘন্টাব্যাপি এ সভায় র্যাব বাহিনীকে আরও সুসংগঠিত করা, বিভিন্ন অপরাধ দমনের জন্য র্যাব সদস্যদের উন্নত প্রশিক্ষণ এবং র্যাব গঠনের পর থেকে চোরাকারবারী ও নীরব চাঁদাবাজী রোধ, মাদক উদ্ধারসহ র্যাবের সকল কার্যক্রমের উপর আলোচনা করা হয়।
রাজধানীসহ মহাসড়কগুলোতে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং এসব রোধ করতে টহল জোরদার করে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, সরকার র্যাবকে এলিট ফোর্স হিসেবে গড়ে তোলার সকল সুযোগ সুবিধা প্রদান করেছে। জনগন যেন র্যাব বাহিনীকে ভালবাসে সেজন্য জনগনের আশা আকাঙ্খার প্রতি লক্ষ্য রেখে দায়িত্ব পালনের জন্য র্যাব সদস্যদের প্রতি তিনি আহবান জানান।
সভায় টেলিফোন ও মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি কমাতে র্যাব সদস্যদের নির্দেশ দেয়া হয়।
র্যাবের কার্যক্রম মনিটরিং এর জন্য ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বাড়ানোর ব্যাপারে আলোচনা করা হয়।
প্রতিমন্ত্রী ভাল কাজের জন্য পুরস্কার এবং কর্তব্যে অবহেলা ও কাজের গাফিলতির জন্য শাস্তির ব্যবস্থা চালু রাখতে র্যাব সদস্যদের নির্দেশ দেন।
সভায় স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন, মহাপুলিশ পরিদর্শক আবদুল কাইয়ুম, র্যাব মহাপরিচালক আবদুল আজীজ সরকার, বিশেষ আমন্ত্রনে র্যাবের প্রতিষ্ঠাতা মহাপরিচালক আনোয়ারুল ইকবাল, সকল ব্যাটলিয়ান কমান্ডারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
