চট্টগ্রামে বিয়ে বাড়িতে বিষাক্ত গ্যাস: বর-কনেসহ ১৭ জন হাসপাতালে
চট্টগ্রামের পাহাড়তলিতে একটি বিয়ে বাড়িতে রহস্যজনক বিষাক্ত গ্যাসের কারণে বর-কনেসহ ১৭ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার গভীর রাতের ওই ঘটনার পর মঙ্গলবার দিনভর চিকিৎসা শেষে সন্ধ্যায় শেফালি সাহা নামে একজন অতিথি বাদে হাসপাতাল কর্তৃপক্ষ বাকিদের বাড়িতে পাঠায়।
পুলিশ প্রথমে এটিকে নাশকতামূলক তৎপরতা মনে করলেও পরে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। অস্বাস্থকর ও জানালাবিহীন কয়েকটি কক্ষে বিয়ে বাড়ির অতিথিরা গাদাগাদি করে রাত্রিযাপন করার সময় বিষাক্ত বায়োগ্যাসের কারণে ওই ১৭ জন অস্বুস্থ হয়।
জানা যায়, সোমবার রাতে শহরের রূপনগর কমিউনিটি সেন্টারে জনৈক কল্লোল সাহার বিয়ে শেষে বর-কনে এবং অতিথিরা কনের বাড়ি পাহাড়তলির সাগরিকায় রাত্রি যাপন করে।
সেখানে তিনটি কক্ষে মহিলা অতিথিরা ঘুমিয়ে থাকার সময় বিষাক্ত গ্যাসের কবলে পড়ে বেশ কয়েকজন অতিথি অস্বুস্থ হয়ে পেেড়।
গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার ভোরে ওই বাড়ি থেকে ১৭জন নারী-পুরুষকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে মহিলাদের সংখ্যাই বেশী।
কর্তব্যরত চিকিৎসকরা বিডিনিউজকে জানান, অসুস্থদের পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছেন, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে নয়, বরং কোনো ধরনের বিষাক্ত গ্যাসের কবলে তারা অসুস্থ হয়ে পড়েছে।
ঘটনার তদন্ত কর্মকর্তা পাহাড়তলী থানার দারোগা মাহবুব বিডিনিউজকে জানান, পুলিশ প্রথমে ধারণা করেছিলো, ডাকাতির উদ্দেশ্যে ওই বিয়ে বাড়িতে বিষাক্ত গ্যাসের হামলা হতে পারে। আবার শত্রুতা বশত কেউ ওই অপকর্ম করে থাকতে পারে।
তিনি জানান, পরে তদন্ত দেখা যায়, অতিথিরা যে বাসায় রাত্রি যাপন করছিলেন, এর কক্ষগুলো অস্বাস্থকর ও জানালাবিহীন। বাসার একমাত্র টললেটের বিষাক্ত বায়োগ্যাসের কবলে পড়ে অতিথিরা অস্বুস্থ হয়ে পড়েন। এ ছাড়া গাদাগাদি করে ঘুমানোর ফলে কক্ষগুলোতে দেখা দেয় অক্সিজেনের মারাত্মক অভাব।
জানা যায়, বিয়ে বাড়িতে মোট ৪০০ জন অতিথি নিমন্ত্রিত ছিলেন। ওই ১৭ জন বাদে বাকিরা সুস্থ রয়েছেন।
