আগামীকাল জাতীয় কবির ১০৬তম জন্মবার্ষিকী
আগামীকাল বুধবার ১১ জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১০৬ তম জন্ম বার্ষিকী। এ উপলক্ষ্যে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
তিনি ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কাজী ফকির উদ্দিন আহমেদ এবং মাতা জাহেদা খাতুন। অল্প বয়সেই তিনি পিতৃহীন হন। প্রথম বিশ্ব যুদ্ধের সময়ে ১৯১৭ সালে তিনি ব্রিটিশ সেনা বাহিনীতে যোগদান করে করাচী যান। সেখানেই তাঁর সাহিত্য জীবনের সূচনা।
তিনি তাঁর শক্তিশালী লেখনীর মাধ্যমে সকল অন্যায়-অবিচার, কুসংস্কার ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হন। তাই তাঁর পরিচিতি ঘটে বিদ্রোহী কবি হিসেবে। বাংলা সাহিত্যাকাশে তিনি তারুণ্যের এক উজ্জ্বল প্রতীক।
মাত্র ২২ বছরের সাহিত্য জীবনে তিনি অসংখ্য কবিতা, উপন্যাস, গান, নাটক প্রভৃতি রচনা করেছেন এবং বেশ কয়েকটি পত্রিকাও সম্পাদনা করেন। এ পর্যন্ত নজরুলের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫১টি।
প্রতিবাদী-বিদ্রোহী রচনার কারণে তিনি বেশ কয়েকবার কারারুদ্ধ হন এবং ব্রিটিশ সরকার তাঁর বেশ কয়েকটি বই বাজেয়াপ্ত করে।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁকে বাংলাদেশে নিয়ে আসেন এবং নাগরিকত্ব প্রদানপূর্বক জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করেন।
১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) তিনি মৃত্যু বরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তাঁকে সমাহিত করা হয়।
