নোয়াখালি ও কুমিল্লায় বজ্রপাতে নিহত ৬, আহত ১
নোয়াখালির কোম্পানীগঞ্জ উপজেলায় ও কুমিল্লায় পৃথক বজ্রপাতের ঘটনায় সোমবার ৬ জন নিহত এবং আরও একজন আহত হয়েছে।
আমাদের নোয়াখালি প্রতিনিধি জানান, কোম্পানীগঞ্জের চরহাজারী ছোট ফেনী নদীতে সোমবার দুপুরে লুব কাটার সময় বজ্রপাতে ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটে। এ সময়ে আরও এক শ্রমিক আহত হয়।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুর ২ টার দিকে নদীতে মাটি কাটার কাজ করা অবস্থায় প্রচণ্ড বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, আবু নাছের সর্দার (৪০), ফজলুর রব (৩৫), আব্দুল মোতালেব (৩৫) ও আব্দুর রহমান (৩৫)। আহত নূর করিমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার চৌদ্দগ্রামে টিউবওয়েলের পানিতে গোসল কারার সময় বজ্রপাতে দুই তরুণীর মর্মান্তি মৃত্যু ঘটে।
গ্রামবাসী সূত্র জানায়, সোমবার দুপুরে চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামের মৃত মালেক মিয়ার মেয়ে রোজিনা (১৮) ও হাফিজ মিয়ার মেয়ে হালিমা (১৭) টিউবওয়েলের পানিতে গোসল করার সময় বজ্রপাতে দু জনই মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিকালে তাদের লাশ দাফন করা হয়।
