চট্টগ্রামে গণ পিটুনিতে ২ জন ছিনতাইকারী নিহত
চট্টগ্রামের হাটহাজারীতে ট্যাক্সি ছিনতাইকালে জনতার গণপিটুনীতে রোববার রাতে দুজন অভিযুক্ত ছিনতাইকারীর মৃত্যু ঘটেছে।
ট্যাক্সি চালক নাহিদ উদ্দিন বিডিনিউজকে জানান, রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মহানগরীর জিইসির মোড় থেকে চারজন ছিনতাইকারী হাটহাজারী যাওয়ার উদ্দেশ্যে তার ট্যাক্সিটি ভাড়া করে। হাটহাজারীর কন্দকিয়া গ্রামের নুরআলী মার্কেটের সামনে এসে যাত্রীবেশী ছিনতাইকারীরা তাকে রাস্তার পাশে একটি গাছের সাথে বেঁধে ফেলে।
তিনি আরো জানান, এ সময় তিনি তিনি ‘বাঁচাও বাঁচাও’ বলে আর্তনাদ করলে গ্রামবাসী এসে দুজনকে হাতেনাতে ধরে ফেলে। গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। বাকি দুজন ছিনতাইকারী পালিয়ে যায়।
হাটহাজারী পুলিশ জানায়, তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতদের নাম পাওয়া যায়নি।
