২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন বাহিনী প্রধানের সাথে চীনা সামরিক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সফররত প্রতিনিধিরা রোববার সকালে সেনা সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান লে: জেনারেল হাসান মশহুদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 02:30 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেনারেল লিয়াং গুয়াং লি। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাই শি এবং সেনা সদর দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তারা সেসময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পেশাগত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন। বন্ধুপ্রতীম দু’দেশের সশস্ত্র বাহিনীর প্রশিক্ষন কার্যক্রম নিয়েও তারা কথা বলেন।

পিএলএ প্রতিনিধিরা নৌ সদর দপ্তরে নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মোহাম্মদ হাসান আলী খান এবং বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম-এর সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন।

চীনের সামরিক প্রতিনিধি দল গাজীপুরের কাপাশিয়ায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড-এর তত্ত্বাবধানে পরিচালিত অ্যাসল্ট রিভার ক্রসিং-এর ওপর একটি সামরিক মহড়াও প্রত্যক্ষ করেন।

মহড়াস্থলে প্রতিনিধি দলকে স্বাগত জানান সেনা প্রধান লে: জেনারেল হাসান মশহুদ চৌধুরী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) মেজর জেনারেল মুস্তফা রেজা নুর।

মহড়ায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এবং ৬ এডিএ ব্রিগেড-এর বিভিন্ন ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনী এবং আর্মি এভিয়েশন ইউনিটের হেলিকপ্টারসমূহ অংশ নেয়।