২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে যুবকের মৃত্যু, বস্তাবন্দী লাশ উদ্ধার

পুলিশের ধাওয়ায় পুকুরে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করতে গিয়ে শুক্রবার রাতে সিধু পোদ্দার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ডুবুরীরা শনিবার সকালে তার লাশ উদ্ধার করেছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিধু ও সুমন নামের অপর এক যুবক শুক্রবার রাতে যশোর শহরের বাবু বাজার পতিতা পল্লীতে দু’পতিতার সাথে কথা কাটাকাটি করে। এ সময় পতিতারা পুলিশকে ডেকে তাদের ধরিয়ে দেয়।

পতিতা পল্লীর একটি সুত্র জানায়, পুলিশের বেধড়ক পিটুনি খেয়ে এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যায় সিধু ও সুমন। এ সময় পুলিশও ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে করতে তাদের পিছু নেয়। এক পর্যায়ে সিধু লালদীঘি পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং সুমন কৌশলে পালিয়ে যায়। স্থানীয় সুত্রগুলো বলেছে, মাতাল অবস্থায় থাকার কারণে সিধু আত্মরক্ষা করতে পারেনি।

পুলিশ সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনা ধামাচাপা দেয়ার জন্য পুলিশ স্থানীয় কয়েক জনের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে বলে অভিযোগ উঠেছে

অপরদিকে কোতয়ালী থানা পুলিশ শুক্রবার গভীর রাতে শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে। তার লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।