২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দখল হয়ে যাচ্ছে গাইবান্ধার ঘাঘট নদী

গাইবান্ধা শহরের বুক চিরে প্রবাহিত পরিত্যক্ত ঘাঘট নদীর দুই তীরের জায়গা দখল করে বসতবাড়ি ও দোকানপাট গড়ে তুলেছে এক শ্রেণীর প্রভাবশালী মহল। অথচ পরিত্যক্ত এই নদীকে লেক হিসেবে সংরক্ষণ করে এর দু’পাড়ে বৃক্ষরোপণ, বেঞ্চ নির্মাণসহ বিভিন্ন ধরণের চিত্তবিনোদনের ব্যবস্থা করার জন্য স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি সম্পর্কে কারও কোনও ভ্রুক্ষেপ নেই।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 04:03 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

একটি সাইনবোর্ড লাগানো ছাড়া স্থানীয় প্রশাসনের আর কোনও উদ্যোগ বা তদারকি নেই। ফলে সংকুচিত হয়ে আসছে নদী, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঘাঘটের দৃষ্টিনন্দন সৌন্দর্য।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নীলফামারীর জলঢাকা থেকে ১৩৫ কিলোমিটার দীর্ঘ ঘাঘট নদীর উৎপত্তি। এর প্রবাহমান ধারা পূর্ব-পশ্চিম গাইবান্ধা শহরের বুক চিরে ব্রহ্মপুত্র নদে পতিত হয়েছে। ১৯৯৯-২০০০ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা শহরের উত্তর পাশে লুগ কাটিং করে নতুন নদী খনন ও গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়ক সংলগ্ন স্থানে ব্রীজ নির্মাণ করা হয়। তখন থেকে নদীটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। রক্ষণাবেক্ষণের অভাবে পতিত এই নদী ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গত বছর দেশব্যাপী পরিবেশ আন্দোলনের সময় জেলা প্রশাসনের উদ্যোগে নদী থেকে শুধু কচুরীপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এছাড়া নদী সংরক্ষণের কোন উদ্যোগও গ্রহণ করা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, শহরের পূর্বে কুঠিপাড়া থেকে পশ্চিমে চকবালুয়া পর্যন্ত পরিত্যক্ত ও ভরাট হয়ে যাওয়া ঘাঘট নদীর উপরে কিংবা দুই তীর ঘেঁষে অসংখ্য কাঁচা-পাকা ঘরবাড়ি, দোকানপাট নির্মিত হয়েছে। ইদানীং তীর ঘেঁষে ব্যাপক হারে নানা ধরণের দোকানপাট গড়ে উঠছে। অনেক স্থানে আবার বসতবাড়িও নির্মাণ করা হয়েছে। কেউ কেউ নদীর ওপরে বৃক্ষরোপণ করে সীমানা দখলে নিয়েছে। এছাড়া এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নদী থেকে মাটি ও বালু উত্তোলন করে বিক্রি করছে।

একটি সূত্র জানায়, ইতোমধ্যে লক্ষাধিক টাকা ব্যয়ে এই পরিত্যক্ত লেকে কয়েক লাখ বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়েছে।

তবে অভিযোগ রয়েছে, ইতোমধ্যে এক শ্রেণীর অসাধু ব্যক্তি প্রকাশ্যে জাল ফেলে অবৈধভাবে মাছ শিকার করে ঘাঘট নদীর মাছ সাবাড় করে ফেলেছে।

স্থানীয় পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান বিডিনিউজকে জানান, পরিত্যক্ত ঘাঘট নদীকে লেকে রূপান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হলেও এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনও ভূমিকা নেয়া হয়নি।