ফরিদপুরে বিএনপি ক্যাডার-ঠিকাদাররা কৌশলে পৌরসভার ৬ কোটি টাকার টেন্ডার হাতিয়ে নিচ্ছে
জেলা বিএনপির ক্যাডার-ঠিকাদাররা কৌশলে টেন্ডারের বিষয়টি গোপন রেখে সাধারণ ঠিকাদারদের সিডিউল কিনতে না দিয়ে পৌরসভার ৬ কোটি টাকার টেন্ডার হাতিয়ে নিচ্ছে। পৌরসভার এক শ্রেণীর কর্মকর্তার যোগসাজসে এ ধরনের অপকর্ম করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, সম্প্রতি ফরিদপুর পৌরসভা বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের লক্ষ্যে ৫টি গ্রুপে ৬ কোটি টাকার কাজের টেন্ডার আহবান করে।
অভিযোগ রয়েছে, ১৯ মে টেন্ডার সিডিউল কেনার শেষ দিন হলেও বিএনপি‘র ক্যাডার-ঠিকাদার ছাড়া অন্য কোনও ঠিকাদার সিডিউল কিনতে পারেননি। তাছাড়া, সিডিউল বিক্রির কোনও ব্যবস্থাও করা হয়নি।
এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলী বিডিনিউজকে জানান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে টেন্ডার সিডিউল বিক্রির জন্য পাঠানো হয়েছে।
কিন্তু জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগ জানায়, ফরিদপুর পৌরসভা বিক্রির জন্য কোনও টেন্ডার সিডিউল পাঠায়নি।
এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথু বিডিনিউজকে বলেন, উল্লিখিত অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন।
শনিবার টেন্ডার সিডিউল জমা দেওয়ার শেষ দিন।
