২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঞ্চলিক বন্যা সতর্কতা ব্যবস্থা স্থাপনে অংশ নিচ্ছে বাংলাদেশ

হিন্দু-কুশ-হিমালয় অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক বন্যা পূর্বাভাস ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে ভুটানের রাজধানী থিম্পুতে চলমান এক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশও অংশ নিচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 01:08 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সম্মেলনে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, নেপাল এবং যুক্তরাষ্ট্রের জাতীয় হাইড্রোলজিক্যাল এবং মিটিওরলজিক্যাল বিভাগের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

তারা আঞ্চলিক বন্যা পূর্বাভাস সম্পর্কিত প্রকল্প প্রস্তাবনা নিয়ে আলাপ-আলোচনা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রিজিওনাল এনভায়রনমেন্ট অফিস ফর সাউথ এশিয়া এবং আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের ফরেন ডিজাস্টার এসিসট্যান্স’র পৃষ্ঠপোষকতায় সম্মেলনে আয়োজকের দায়িত্ব পালন করছে ভুটানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়।

হিন্দুকুশ-হিমালয় অঞ্চলে ক্রমাগত বন্যা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করাই সম্মেলনের মূখ্য উদ্দেশ্য।

আলাপ-আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারী দেশসমূহ মতৈক্যে পৌঁছাতে পারলে তবেই এ বিপর্যয় মোকাবেলা করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এই উদ্যোগে কারিগরী সুবিধা দেবে।

সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের বর্ষা মৌসুমে, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হবে। এ সময় ১৬ টি হাইড্রোলজিক্যাল এবং মিটিওরলজিক্যাল স্টেশনে তথ্য আদান-প্রদান করার উপযোগিতা পরীক্ষা করা হবে।

সম্মেলনের সুপারিশ অনুযায়ী বন্যা পর্যবক্ষেণ নেটওয়ার্ক, আঞ্চলিক বন্যা তথ্য আদান-প্রদান ব্যবস্থা প্রতিষ্ঠা এবং এ অঞ্চলের দেশগুলোর সক্ষমতা ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।

প্রতিনিধিরা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড মিটিওরলজিক্যাল অর্গানাইজেশন যে সংলাপ সূচনা করেছিল তার ওপর আলোচনা অব্যাহত রেখেছেন।

হিন্দু-কুশ-হিমালয় অঞ্চলে বন্যা সংক্রান্ত তথ্য যথাসময়ে আদান-প্রদানের মাধ্যমে জনজীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি রোধ করার লক্ষ্য নিয়েই ২০০১ সালে এ উদ্যোগ শুরু হয়েছিল। আঞ্চলিক বন্যা পূর্বভাস তথ্য সংক্রান্ত যেসব চুক্তি ও সমঝোতা ইতোমধ্যে হয়েছে, সেগুলোর সাথে সঙ্গতি রক্ষা করেই কাজ করবে নতুন এ ব্যবস্থা।

এ লক্ষ্যে অংশহগ্রহণকারী দেশগুলোর বন্যা পূর্বভাস সংক্রান্ত বর্তমান ব্যবস্থা ও সক্ষমতা নিয়ে উচ্চ পর্যায়ে বিভিন্ন প্রস্তুতিমূলক সভা হয়েছে এবং এ ব্যাপারে দেশসমূহের পরামর্শ বিবেচনায় নেয়া হয়েছে।