বরিশালের রামনাবাদ মোহনায় ভাসছে ৪টি লাশ
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ মোহনায় দুই/তিন দিন ধরে ৪টি লাশ ভাসতে দেখা গেছে। ওই লাশগুলো গলাচিপার বুড়াগৌরাঙ্গ নদীতে ‘প্রিন্স অব পটুয়াখালী‘ লঞ্চডুবির ঘটনায় নিখোঁজ যাত্রীদের বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে সাগরবক্ষে একটি এবং রামনাবাদ নদীর মোহনা সংলগ্ন নিশানবাড়ীয়া এলাকায় ৩টি বিকৃত লাশ তারা ভাসতে দেখেছে। এ লাশগুলো জোয়ারের সময় নদীর কূলে আসলেও পরে তা ভাটার টানে আবার সাগরে চলে যায়। লাশগুলো বিকৃত থাকায় তাদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিডিনিউজকে জানান, নদীতে লাশ ভাসার সংবাদ শুনে সেখানে প্রশাসনের লোকজন পাঠিয়েছিলেন, কিন্তু লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। কারণ, ভাটার টানে লাশগুলো সাগরে চলে গেছে।
