ঢা.বি: একাডেমিক ক্যালেন্ডার প্রকাশনাই এখন অনিয়মিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রম একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হচ্ছে না।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষক ও ছাত্র আন্দোলন, হরতাল, ধর্মঘটের মতো রাজনৈতিক কর্মসূচিসহ নানান কারণে একাডেমিক ক্যালেন্ডার মানা হয় না। ক্যালেন্ডার অনুসরণে কর্তৃপক্ষও তেমন গা করে না।
এমনকি সেশন নিয়মিত করার উদ্দেশ্যে প্রণীত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশনাই এখন অনিয়মিত হয়ে পড়েছে।
২০০৩-২০০৪ সালের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয় গত বছরের অক্টোবরে। ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার পরও এখন পর্যন্ত কর্তৃপক্ষ একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিকল্পিত করতে কর্তৃপক্ষ ১৯৯২- ৯৩ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক ক্যালেন্ডার চালু করে। প্রথম দু এক বছর ক্লাশ, পরীক্ষা ইত্যাদি সবই একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হয়। কিন্তু কিছুদিন পরই একাডেমিক ক্যালেন্ডার না মেনে অনেক দেরীতে ক্লাশ, পরীক্ষা ইত্যাদি চলতে থাকে।
সর্বশেষ প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডারে (২০০৩-২০০৪) ইনকোর্স, ফাইনালসহ বিভিন্ন পরীক্ষার তারিখ দেওয়া হয়। কিন্তু ক্যালেন্ডারে উল্লেখ করা তারিখ মেনে এবারও পরীক্ষা হচ্ছে না।
ক্যালেন্ডার অনুযায়ী, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম ও দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরুর তারিখ ছিল যথাক্রমে ২০০৫ সালের ১৬ এপ্রিল ও ২১ মে। প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে ২ মে। দ্বিতীয় বর্ষের পরীক্ষা ২ জুলাই নির্ধারিত হয়েছে। অন্যান্য বর্ষের পরীক্ষা গ্রহণের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার বিডিনিউজকে বলেন, ছাত্র আন্দোলনের কারণেই এখন ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষা হয় না।
ক্যালেন্ডার প্রকাশে বিলম্বের কারণ প্রসঙ্গে তিনি জানান, একটি ক্যালেন্ডার নানান প্রক্রিয়ার মাধ্যমে প্রকাশিত হয়। আবার প্রেসে দিলেও তাদের কাজ শেষ করতে প্রায় একমাস লেগে যায়।
অধ্যাপক ইউসুফ হায়দার আরও জানান, ২০০৪-০৫ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। শিগগিরই এটি প্রকাশ করা হবে।
প্রথমদিকে একাডেমিক ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থাতেই বিক্রি হতো। কিন্তু ক্যালেন্ডার অনুসরণ না করায় ছাত্রছাত্রীরা এটি কিনতে উৎসাহ হারিয়ে ফেলে। এখন ছাত্রভর্তির সময়ই কর্তৃপক্ষ এটি কেনা বাধ্যতামূলক করেছে।
কলা অনুষদের ডীন সদরুল আমিন স্বীকার করে বলেন, একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়িত হচ্ছেনা।
তিনি বিডিনিউজকে বলেন, শুধু ছাত্র আন্দোলনই নয়, অনেক সময় শিক্ষকদের ধর্মঘটের কারণেও অনেক কোর্স শেষ হয় না। ফলে নির্দিষ্ট সময়ে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস শেষ করা যায় না।
এছাড়া তিনি একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়িত না হওয়ার পেছনে হরতাল, ধর্মঘট ইত্যদি রাজনৈতিক কর্মসূচিকে দায়ী করেন।
একাডেমিক ক্যালেন্ডারের বিষয়ে ইতিহাস বিভাগের ছাত্রী মমতাজ নওরীন বলেন, এটা এখন একটা প্রহসন মাত্র।
সমাজকল্যান বিভাগের ছাত্রী আলেয়া পারভীন বলেন, এই ক্যালেন্ডারের প্রতিফলন শিক্ষা জীবনে আমরা খুব কমই পাই। এটা এমন সময় প্রকাশিত হয় যখন আমাদের আর এর প্রয়োজন থাকেনা।
