২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ার: পুলিশের বিরুদ্ধে পুত্র হত্যার অভিযোগ

বাড্ডা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা, একজন সাব ইন্সপেক্টর ও দুইজন পুলিশ সোর্সের বিরুদ্ধে পুত্র হত্যার অভিযোগ আনলেন রামপুরার এক গৃহবধু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

রাজধানীর পূর্ব রামপুরা ৩৮০/১৫/ই নম্বর বাড়ির বাসিন্দা গৃহবধু আছিয়া বেগম ওরফে কমলা বিবি বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগ আনেন।

মহানগর হাকিম এ কে এম আবদুল্লাহ হিল বাকী বাদিনীর বক্তব্য শুনে বিষয়টি সিআইডি-কে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।

বাড্ডা থানার দারোগা মোহাম্মদ ফজলু ও সে সময়কার ভারপ্রাপ্ত কর্মকর্তা গত বছরের ৩১ ডিসেম্বর পূর্ব রামপুরার মানিক ওরফে ইউনুসকে পুলিশের সোর্স দেলোয়ার মেম্বার ও আবু’র সহায়তায় বৈঠাখালি এলাকা থেকে গ্রেপ্তার করে।

পরে ৫ লাখ টাকা না দিলে তার ছেলেকে ছাড়া হবে না বলে বাদিনীকে জানানো হয়। অভিযোগে বলা হয়, বাদিনী এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার ছেলেকে অভিযুক্ত পুলিশরা থানা কম্পাউন্ডে অত্যাচার করে এক পর্যায়ে অজ্ঞান করে ফেলে। পরে ঐ রাতেই পুলিশ ভিকটিমের অবস্থা বেগতিক দেখে গুলি করে হত্যা করে ‘ক্রসফায়ার’ এ নিহত বলে চালিয়ে দেয়।