আরিচায় লঞ্চডুবি: ৩১ জনের মৃতদেহ উদ্ধার, ভেসে গেছে অনেকে
আরিচায় লঞ্চডুবির ঘটনায় ডুবুরি ও স্থানীয় জনসাধারন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৩১ টি মৃতদেহ উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উদ্ধারকারি জাহাজ রুস্তম বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় উদ্ধার তৎপরতা শুরু করে পাঁচটা পর্যন্ত অব্যাহত রাখে। দিনের কার্যক্রম মূলতবি করা পর্যন্ত অন্তত: ১৫ থেকে ২০টি লাশ ভাটির দিকে ভেসে যায় বলে তারা জানায়।
উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, দেড় ঘন্টার উদ্ধার তৎপরতা চলাকালে রুস্তমের চেইন দুই বার ছিঁড়ে যায়। প্রবল স্রোতের কারণে এ অবস্থার সৃষ্টি হয় বলে তারা জানান।
তবে আগামী শুক্রবারের মধ্যে লঞ্চটি উদ্ধার করা সম্ভব হবে বলে তারা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্রোতের তীব্রতার কারণে রুস্তমের উদ্ধার কাজ চরমভাবে ব্যাহত হয়।
মঙ্গলবার এমভি রায়পুর নামের ওই লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধারকৃতদের মধ্যে দুই জন শিশুর মৃতদেহও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে ভেসে যাওয়া লাশগুলোর মধ্যে ১১টি স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলের প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে উদ্ধার করেছে। এর আগে সকালে স্থানীয় লোকজন আরও চারটি লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, স্রোতের টানে অনেক লাশ ভেসে গেছে। রুস্তমের অভিযান শুরুর পর জাহাজটি সামান্য ভেসে উঠলে নিচে আটকে পড়া লাশগুলো পানিতে ভেসে ওঠে। স্রোতের টানে এগুলো দ্রুতই ভেসে যেতে থাকে।
ফায়ার সার্ভিস ও উদ্ধারকারি ডুবুরি দলের সদস্যরা তাদের মধ্য থেকে আরও ১২ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনায় উদ্ধার করা মৃতদেহগুলোর মধ্যে এ পর্যন্ত মাত্র ৮ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছে : নাটোরের লালপুর এলাকার এজাজুল কবিরাজ (৩৫), ইসরাইল (২২), বড়াইগ্রামের নাসির সর্দার (৩০), সিংড়া এলাকার জিয়ারুল (২৫) ও কুমারখালির জাহেদুল (২০), কুষ্টিয়া চিলমারীর মোহরজান (৩০), রাজবাড়ীর গোয়ালন্দের আরিফ (২৮), পাবনা আতাইকোনার রাজ্জাক (৩৮)।
ঘটনার পর থেকে অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। মাত্র ২০/২৫ জন যাত্রী ঘটনার পর সাঁতরিয়ে তীরে উঠতে পেরেছিল।
কর্মকর্তারা জানান, এমভি রায়পুর নামে ওই লঞ্চটির ভেতরে অনেক লাশ আটকা পড়ে রয়েছে।
যমুনা নদীর তীরে নিখোঁজ যাত্রীদের শত শত আত্মীয়-স্বজন অপেক্ষা করছে। তাদের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
স্থানীয় জনসাধারন ও পুলিশ জানায়, পাবনার নটাখোলা থেকে আরিচাগামী ওই লঞ্চটির ১২০ জন ধারণ ক্ষমতা হলেও এতে ২০০ যাত্রী ছিলো।
রোববার পটুয়াখালিতে লঞ্চডুবির পর এটি নৌ দুর্ঘটনার দ্বিতীয় ঘটনা। পটুয়াখালির নৌ দুর্ঘটনায় অন্তত: ৬০ জনের প্রাণহানি ঘটে।
