ভিয়েতনাম-বাংলাদেশ ব্যবসায়ী ফোরাম গঠিত
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হ্যানয় সফরের সময়ে বুধবার ভিয়েতনাম-বাংলাদেশ ব্যবসায়ী ফোরাম গঠিত হয়েছে।
বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল, ব্যাংকিং, ওষুধশিল্প, মৃৎশিল্প, কম্পিউটার সফটওয়্যার এবং কৃষিপণ্যসহ বিভিন্ন খাতের মোট ১৯ জন প্রতিনিধি এবং ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ভিসিসিআই) ও ভিয়েতনামী উদ্যোক্তারা এই ফোরামে অংশ নেন।
বুধবার অনুষ্ঠিত ফোরামে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর চেয়ারম্যান ও সফররত ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতা আব্দুল আওয়াল বলেন, বাংলাদেশ ও ভিয়েতনামের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিনিময় করা উচিত, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ খাতে।
তীব্র প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজার পরিস্থিতিতে বাংলাদেশ ও ভিয়েতনামী উদ্যোক্তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করতে পারে।
ভিসিসিআই’র সাধারণ সম্পাদক ফাম গিয়া টাক তার বক্তব্যে সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যকার কার্যকরী সহযোগিতার ব্যাপারে জোর দেন। গত ২০০৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশে ভিয়েতনামের রফতানির পরিমাণ ছিল ২১ মিলিয়ন ডলারের।
ভিওভি অনলাইন সূত্রে জানা গেছে, এ বছরে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০ মিলিয়ন ডলারে উন্নীত হবে আশা করা হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী বছরগুলোতে তা ১০০ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা হবে।
বাংলাদেশের বিটিএমএ এবং ভিয়েতনাম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল অ্যাসোসিয়েশন এবং হ্যানয় ইউনিয়ন অব কোঅপারেটিভ এবং বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
