টেলিভিশনকে প্রকৃত পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের ভূমিকা পালন করতে হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী এম. শামসুল ইসলাম বলেছেন, দেশ ও জাতির স্বার্থে টেলিভিশনকে সত্যিকার অর্থে পাবলিক ব্রডকাস্টিং মাধ্যমের ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে তিনি টেলিভিশন সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করার ওপর গুরুত্বারোপ করেছেন।
মন্ত্রী বুধবার জাতীয় সম্প্রচার কর্তৃপক্ষ ভবনে অনুষ্ঠিত বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদদাতাদের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্যান্য স্যাটেলাইট চ্যানেল কেবল বাণিজ্যিক উদ্দেশ্যে তাদের সম্প্রচার চালিয়ে যাচ্ছে। ফলে দেশের বেশ কিছু অর্জন জনগণের জানার বাইরে থেকে যাচ্ছে। তিনি বলেন, এ প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিভিশনকে জনগণের কাছাকাছি পৌঁছে জনগণের সুখ-দুঃখের কথাগুলো তুলে ধরতে হবে।
বিটিভি সংবাদদাতাদের এই সম্মেলনে তথ্য সচিব ড. মাহবুবুর রহমান, বিটিভির মহাপরিচালক ফেরদৌস আরা বেগম এবং উপমহাপরিচালক (বার্তা) এ. কে. এম হানিফ বক্তৃতা করেন।
