পানি বণ্টন সমস্যা নিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতি ঘটছে : ভারতীয় বিশেষজ্ঞ
ভারতের একজন প্রখ্যাত পানি বিশেষজ্ঞ বলেছেন, পানি সংক্রান্ত বিরোধ নিয়ে বাংলাদেশ ভারত সম্পর্কের পুনরায় অবনতি ঘটছে।
ভারতের পানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব রামস্বামী আয়ার মঙ্গলবার বলেন, “দুদেশের মধ্যকার ক্রমাবনতিশীল রাজনৈতিক টানাপড়েনের কারণে পানিবণ্টন সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আবার পানি সংক্রান্ত সমস্যাও দু’দেশের সম্পর্কের আরও অবনতি ঘটাচ্ছে।”
পাকিস্তানে সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া এসোসিয়েশন (এসএএফএমএ)-এর সম্মেলনে ‘দক্ষিণ এশিয়ার পানি: দেশগুলোর অভ্যন্তরীণ সম্পর্ক’ শীর্ষক প্রবন্ধ উপ¯া’পনকালে আয়ার বলেন, বিগত দশকগুলোতে মনে করা হত পানি সংক্রান্ত সমস্যার কোনও সমাধান নেই। তিনি বলেন, “পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। তবুও দ’ুদেশের মধ্যে অনেক সমস্যা এখনও রয়ে গেছে।”
আয়ার জোর দিয়ে বলেন, গঙ্গার পানি বণ্টন সমস্যা গত দুই যুগ ধরে ভারত ও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সম্ভবত এটাই দুদেশের মধ্যে প্রধান সমস্যা।
তিনি আরও বলেন, ভারতের আন্ত:নদী সংযোগ প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকার তার উদ্বেগের কথা ভারতীয় কর্তৃপক্ষের কাছে জানিয়েছে।
এব্যাপারে ভারতের যুক্তি হল আন্ত:নদী সংযোগ প্রকল্প এখনও একটি ধারণা মাত্র, তা কিছুতেই বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয় হবে না। তিনি আরও বলেন, “বাংলাদেশ ভারতের সংযোগ নদী প্রকল্প নিয়ে আন্তর্জাতিক মতামত গঠন অব্যাহত রেখেছে এবং এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা করছে।”
আয়ার আরও বলেন, “ বড় ভাই সুলভ আচরণের কারণে বাংলাদেশ ও নেপালে ভারতের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছেই।”
“উপমহাদেশে পানি সমস্যা” শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপনকালে পাকিস্তানের পানি ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ শহীদ হোসাইন বলেন, কেবল পানি সমস্যাই দেশগুলোর মধ্যে খারাপ সম্পর্কের জন্য দায়ী তা নয়। তিনি বলেন, পানি দেশগুলোর মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে পারে এবং তেমনটি হওয়া উচিত।”
