লক্ষ্মীপুরে কৃষকের ধান চলে যাচ্ছে মহাজনের গোলায়
লক্ষ্মীপুরে ইরি ও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু মাঠের ফসলে কৃষকদের মুখে হাসি ফুটলেও সুদখোর মহাজনদের কথা মনে হলেই তাদের সে হাসি মিইয়ে যায়।
জেলা সদর, রায়পুর ও রামগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইরি ও বোরো ধান কাটা শরু হওয়ার সাথে সাথে তৎপর হয়ে উঠছে সুদখোর মহাজনরা। এতে করে মধ্যবিত্ত, নিুবিত্ত কৃষকের ধান চলে যাচ্ছে সুদখোর মহাজনদের গোলায়। চলতি বছর প্রাকৃতিক দুর্যোগ ও পোকামাকড়ের হাত থেকে রেহাই পেলেও সুদখোর মহাজনের হাত থেকে সাধারণ কৃষকদের কোনও রক্ষা নেই।
তিনটি উপজেলার বেশিরভাগ মানুষ বাস করে দরিদ্র সীমার নিচে। মধ্যবিত্ত ও একেবারে সাধারণ কৃষকরা উৎপাদনের প্রয়োজনীয় খরচ যোগাতে মহাজনদের শরণাপন্ন হতে বাধ্য হন। সে কারণে উৎপাদিত ফসল ঘরে তোলার আগেই মহাজনের হিস্যা বুঝিয়ে দিতে হয়। ফলে মৌসুমে যে পরিমাণ ফসল উৎপন্ন হয় তার বেশিরভাগই চলে যায় মহাজনের গোলায়।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, কৃষকদের জন্য ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণের ব্যবস্থা করলে তারা সুদখোর মহাজনদের হাত থেকে হয়তো রেহাই পাবে।
কিন্তু, কৃষকরা জানান, ব্যাংক ঋণ নিতে গেলেও মোটা অঙ্কের ঘুষ দিতে হয়।
