লাহোরে মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীরের ওপর পুলিশি হামলার নিন্দা
লাহোরে মানবাধিকার কর্মী আসমা জাহাঙ্গীর ও বেশ কয়েকজন নারীর ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস’র (এসএএইচআর) পাঁচ নেতা।
এসএএইচআর নেতারা এক বিবৃতিতে বাংলাদেশে পাকিস্তানি হাই কমিশনারকে তাদের প্রতিক্রিয়া পাকিস্তান সরকারকে জানানোর দাবি জানিয়েছেন এবং সেই সাথে এ ঘটনার কারণ উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি করেন।
আসমা জাহাঙ্গীর সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস’র কো-চেয়ারপারসন। তিনি পাকিস্তানে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করে থাকেন।
বিবৃতিদাতারা হলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মানবাধিকার কর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের সভাপতি ড. হামিদা হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারপারসন ব্যারিস্টার সিগমা হুদা এবং সংস্কৃতি কর্মী সারা জাকের।
তারা দুঃখ প্রকাশ করে বলেন, ১৫ মে লাহোরে আসমা জাহাঙ্গীর ও বেশ কিছু নারী শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এসময় পুলিশ তাদের ওপর হামলা চালায়।
তারা আরও বলেন, পাকিস্তান সরকার এ পুলিশের এই অযাচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি।
বিবিসি এবং আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলগুলোর ভিডিও ক্লিপে দেখা গেছে, পুলিশ শারীরিকভাবে মহিলাদের ওপর হামলা চালায় এবং তাদের আটক করে পুলিশ ভ্যানে তোলে।
তারা এ ঘটনার তদন্ত দাবি করে বলেন, এই হামলা গণতান্ত্রিক কর্মকাণ্ড এবং নারীদের সম অংশীদারিত্বের অধিকারের ওপর হামলা।
তারা আরও বলেন, পাকিস্তান সরকারের উচিত যাতে এমনটি আর না ঘটে, সে জন্যে এ ঘটনার ব্যাপারে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং পুলিশি হামলার শিকার নারীদের কাছে ক্ষমা চাওয়া।
