বিভিন্ন জেলায় পৃথক চারটি হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৮ জনের
নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও খুলনায় পৃথক চারটি হত্যা মামলায় মঙ্গলবার ছয় জনের মৃত্যুদণ্ড ও আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নারায়নগঞ্জে চাঞ্চল্যকর রাজন হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদন্ডের রায় দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর।
ফাঁসির আদেশ প্রাপ্ত আসামীরা হলো: নাদিম হোসেন, মোহাম্মদ মানিক, হীরা, মো. আসলাম ও আব্দুল হান্নান। যাবজ্জীবন কারাদন্ডে দণ্ডিত আসামীর নাম সুজন।
মামলার বিবরণে জানা যায়, আসামীরা ২০০৪ সালের ১ আগস্ট রাজনকে রেলি বাগান এলাকা থেকে অপহরণের পর কুপিয়ে হত্যা করে লাশ ছয় খন্ডে খন্ডিত করে একটি বস্তায় ভরে নারায়নগঞ্জ চারুকলা ইন্সটিটিউট সংলগ্ন ডোবায় ফেলে রাখে।
মানিকগঞ্জ জেলায় গৃহবধু অপহরণ ও হত্যা মামলায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কিতাব আলী (৩৫ ) নামক এক যুবককে মৃত্যুদন্ড প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, জেলার হরিরামপুর উপজেলার বাঙ্গালা গ্রামের হারুন বিশ্বাসের স্ত্রী শিরিন বিশ্বাসকে ১৯৯৪ সালের ১৪ মে কিতাব আলী অপহরণ করে হত্যা করে।
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার করিমন বেওয়া হত্যা মামলায় পিতাপুত্রসহ তিনজনকে জেলা ও দায়রা জজ মাসদার হোসেন যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১৯৯৮ সালের ১৫ সেপ্টেম্বর রাতে আসামী আবু সাঈদ, তার পুত্র শাহাজাহান আলী ও রইচ উদ্দিন করিমন বেওয়াকে কুপিয়ে হত্যা করে।
এদিকে খুলনা প্রতিনিধি জানান বাগেরহাটের ইউপি চেয়ারম্যান সরদার হাবিবুর রহমান হত্যা মামলায় খুলনার দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো.আবদুস সামাদ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী শেখ মো. আলী, শেখ জাকির হোসেন, মুক্তা শেখ ও রুহুল আমিন গোলদার ২০০৩ সালের ২ জুন রাতে বাগেরহাটের রামপাল থানার সরাফপুরে চেয়ারম্যান হাবিবুর রহমানকে গুলি করে হত্যা করে বোমা ফাটিয়ে পালিয়ে যায়।
