বুড়া গৌরাঙ্গে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, লাশের সংখ্যা ৬০
মঙ্গলবার আরও ৯ টি লাশ উদ্ধার করায় পটুয়াখালির বুড়া গৌরাঙ্গ নদীতে লঞ্চ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৬০ এ দাঁড়াল। এদিকে নিমজ্জিত লঞ্চটিও মঙ্গলবার উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতে আরও পাঁচটি লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ হামজা মঙ্গলবার বিকেলে উদ্ধার কাজ শেষ করে। তবে উদ্ধারকর্মীদের ধারণা, এখনাবধি আরও ১০০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন।
ধারণা করা হচ্ছে যারা নিখোঁজ তারা বা তাদের লাশ জলস্রোতে ভেসে গিয়ে থাকতে পারে।
এদিকে, ডুবে যাওয়া লঞ্চে প্রচুর পরিমাণে চাল এবং সবজি পাওয়া যাওয়ায় উদ্ধারকারীরা ধারণা করছেন, জাহাজটি অতিরিক্ত মাল বোঝাই ছিল।
উল্লেখ্য, অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চ প্রিন্স অব পটুয়াখালী ২০০ জন যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে সোমবার চরমনতাজ এর উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে চরকাজলা থেকে তিন কিলোমিটার দূরে সকাল ১১ টার দিকে লঞ্চটি নিমজ্জিত হয়।
